এবার ছক ভাঙা ‘গোয়েন্দা’ আয়ুষ্মান

গোয়েন্দা মানেই গম্ভীর মুখ আর মারপিট—এই চেনা ছক ভাঙতে আসছেন আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খান। ‘কিল’ বা ‘দ্য লাঞ্চবক্স’-এর মতো ভিন্নধর্মী ছবি উপহার দেওয়া ধর্ম প্রোডাকশনস ও শিখিয়া এন্টারটেইনমেন্টের চতুর্থ কোলাবরেশন হতে চলেছে ‘উড়তা তীর’। কয়েক বছরের দীর্ঘ প্রতীক্ষা আর শুটিংয়ের টালবাহানা কাটিয়ে অবশেষে আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে আসছে এই স্পাই-কমেডি।আয়ুষ্মান খুরানা মানেই ঘরোয়া কমেডি আর সামাজিক বার্তার মিশেল। অন্যদিকে সারার প্রাণচঞ্চল অভিনয়। এই দুই বিপরীত মেরুর তারকাকে যখন স্পাই বা গুপ্তচরের পোশাকে ফেলা হয়, তখন তৈরি হয় এক চরম হাসির পরিস্থিতি। ছবির নাম ‘উড়তা তীর’ শুনেই বোঝা যাচ্ছে, গোয়েন্দাগিরি করতে গিয়ে নিজেরাই কোনও না কোও  বিপদে পড়বেন এই জুটি। এটি একটি ‘ফুল-অন ক্যাপার’ সিনেমা হতে চলেছে।

 

হাত মেলালেন একতা-শেফালি 

অভিনয়ের জাদুতে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন শেফালি শাহ। এবার তাঁকে এক নতুন ঘরানায় আবিষ্কার করতে চলেছে ওটিটি বিশ্ব। একতা কাপুরের প্রযোজনায় নেটফ্লিক্সের নতুন অরিজিনাল সিরিজ ‘কোকে’-তে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। এটি একটি পিরিয়ড ড্রামা হতে চলেছে, যেখানে শেফালির চরিত্রটির বিবর্তন বা ‘ন্যারেটিভ আর্ক’ হবে অত্যন্ত শক্তিশালী।

সিরিজটি পরিচালনার দায়িত্বে থাকছেন নুপুর আস্থানা। ‘ফোর মোর শটস প্লিজ’ এবং ‘দ্য রয়্যালস’-এর মতো জনপ্রিয় শো উপহার দিয়ে তিনি ইতিমধ্যেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। একতা কাপুরের রাজকীয় প্রোডাকশন আর নুপুরের আধুনিক পরিচালনার মিশেলে ‘কোকে’ যে বিশেষ কিছু হতে চলেছে, তা বলাই বাহুল্য।এখনও পর্যন্ত সিরিজের গল্প বা সহ-অভিনেতাদের নাম গোপন রাখা হলেও জানা গিয়েছে যে, আগামী ২০ এপ্রিল থেকেই এই প্রজেক্টের শুটিং শুরু হতে চলেছে। শেফালি শাহের মতো ভার্সেটাইল অভিনেত্রীর উপস্থিতি সিরিজের গ্রহণযোগ্যতাকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে।


‘রাম’ রণবীরকে নিয়ে আবেগপ্রবণ নমিত

গোটা বিশ্বের নজর এখন রণবীর কাপুরের দিকে। ২০২৬ সালের ‘টাইম ১০০’ তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়ে ইতিহাস গড়লেন তিনি। দীর্ঘ ৩ বছর পর নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’  ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন রণবীর। এই বিশেষ মুহূর্তে ছবির প্রযোজক নমিত মালহোত্রা রণবীরকে ‘আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ অভিনেতা’ বলে অভিহিত করলেন। নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে নমিত লিখেছেন, চার দশক আগে তাঁদের বাবাদের বন্ধুত্ব ছিল, আর আজ তাঁরা একসঙ্গে মহাকাব্য ‘রামায়ণ’ বলতে চলেছেন। রণবীরের জয়যাত্রা খুব কাছ থেকে দেখেছেন নমিত। তাঁর কথায়, “তোমার সাফল্য, ব্যর্থতা এবং কঠিন সময়ে তোমার ধৈর্য—সবটাই আমি দেখেছি। পর্দার ভেতরে এবং বাইরে তুমি কতটা মাটির মানুষ, তা আমি জানি। আমার মনে কোনওদিন সন্দেহ ছিল না যে, ভগবান রামের চরিত্রের জন্য তোমার থেকে ভাল আর কেউ হতে পারে না।” নমিত আরও যোগ করেন, টাইমের এই তালিকায় নাম আসাটা রণবীরের প্রতিভার এক যোগ্য স্বীকৃতি। বিশ্বের দরবারে রণবীরের এই জয়জয়কার স্রেফ শুরু মাত্র। রণবীরের এই সাফল্যে খুশির হাওয়া বলিউডেও।