রাণা সরকারের প্রযোজনায় আসছে 'গুনগুন করে মহুয়া'। মহুয়া রায়চৌধুরীর এই জীবনীচিত্রে যে বহু তারকার উপস্থিতি থাকবে, তা বলাই বাহুল্য। আর সেই চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে সেটাই ক্রমশ প্রকাশ্যে আসছে। এবার জানা গেল, টলিপাড়ার অন্যতম চর্চিত এই ছবিতে থাকছেন অর্পণ ঘোষাল। ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাঁকে? আজকাল ডট ইন-কে সেবিষয়ে জানালেন অভিনেতা।
'গুনগুন করে মহুয়া'-তে অর্পণের চরিত্রের নাম 'নন্দন'। শোনা যাচ্ছে, তিনি মহুয়ার প্রেমিকের চরিত্রে থাকছেন। সঙ্গে এও জানা গিয়েছে, এটি একটি 'ফিকশন' চরিত্র। প্রয়াত অভিনেত্রীর জীবনীকার বা অনুরাগী হিসেবে তাঁকে দেখা যাবে৷ ছবিতে অভিনেতার চরিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
‘মেয়েবেলা’ ধারাবাহিক থেকে ছোট পর্দায় পরিচিত মুখ হয়ে ওঠেন অভিনেতা অর্পণ ঘোষাল। এরপর একে একে বড়পর্দায় এবং ওটিটি-তেও বহু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। টেলিভিশন থেকে বড়পর্দা, সবেতেই নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকমনে জায়গা করে নিয়েছেন অর্পণ। এবার 'গুনগুন করে মহুয়া'-তে একেবারে অন্য ধরনের একটি চরিত্রে ধরা দেবেন তিনি।
জোর কদমে চলছে 'গুনগুন করে মহুয়া'র কাজ। শুটিং প্রায় শেষ হয়ে এসেছে বলে জানিয়েছেন অর্পণ। চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে আপাতত ছবির মুক্তি খানিকটা পিছিয়ে গিয়েছে বলে খবর।
প্রসঙ্গত, মহুয়া'র তরুণীবেলার চরিত্রে থাকবেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল ও প্রাপ্তবয়স্ক অভিনেত্রীকে পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। মহুয়ার বাবা 'নীলাঞ্জন রায়চৌধুরী'র চরিত্রে দেখা যাবে লোকনাথকে। প্রয়াত অভিনেত্রীর দিদির চরিত্রে দেখা যাবে গায়িকা দেবলীনা নন্দীকে। এই ছবির হাত ধরেই প্রথমবার অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। এছাড়াও অভিনেতা, পরিচালক তথাগত মুখার্জিকে দেখা যাবে 'মহানায়ক' উত্তমকুমারের চরিত্রে। 'গুনগুন করে মহুয়া' ছবিতে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত থাকছেন ক্যামেরার পিছনে।















