অরিজিৎ সিং কি অসুস্থ? বহরমপুরে এক চিকিৎসকের চেম্বারে তাঁর দেখাতে আসার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরই তাঁর অনুরাগীদের মধ্যে এই প্রশ্ন এখন মাথা চাড়া দিয়েছে। তবে নিজের বাড়ি জিয়াগঞ্জ শহর থেকে বহরমপুর শহরে ডাক্তারের কাছে দেখাতে আসার কারণ অজানাই থেকে গিয়েছে অরিজিৎ-ভক্তদের কাছে।

এতদিনে সকলেই জেনে গিয়েছেন অরিজিৎ জিয়াগঞ্জের বাড়িতে থাকলে অত্যন্ত সাদামাটা জীবন অতিবাহিত করেন। কখনও তাঁকে জিয়াগঞ্জ স্টেশনের কাছে হাঁটতে দেখা যায়, আবার কখনও বা নিজের স্কুটারে করে জিয়াগঞ্জ শহরে ঘুরে বেড়াতে দেখেন প্রচুর মানুষ। তবে জিয়াগঞ্জের সকলের প্রিয় সমু কী কারনে বহরমপুরের রানীবাগান এলাকায় চিকিৎসকের কাছে এসেছিলেন তা এখন নতুন করে চর্চার বিষয়। তবে যে ডাক্তারের চেম্বারে অরিজিৎ এসেছিলেন তাঁদের পক্ষ থেকে অরিজিৎ বা তাঁর পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কোনও তথ্য সংবাদমাধ্যমকে দেওয়া হয়নি।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া অরিজিতের ছবিগুলো থেকে বোঝা যাচ্ছে সন্ধে নাগাদ তিনি বহরমপুরের রানীবাগান এলাকায় এক চিকিৎসকের চেম্বারে এসেছিলেন। তবে অরিজিৎ যখন সেখানে এসেছিলেন সম্ভবত তাঁর সঙ্গে আর কেউ ছিলেনা। কিছু ছবিতে তাঁকে একাই দেখা গিয়েছে। চিকিৎসকের সঙ্গে দেখা করার পর নিজের স্কুটারে করে অরিজিৎ দ্রুত রানীবাগান থেকে নিজের বাড়ির দিকে যান।
প্রসঙ্গত, চলতি বছর, প্লেব্যাক থেকে সরে আসার ঘোষণা করে অনুরাগীদের চমকে দিয়েছিলেন অরিজিৎ। যদিও তারপর আমির খানের অনুরোধে তিনি 'এক দিন' ছবিতে গান গান।















