সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

একটা নয়, একসঙ্গে ৪টি ফ্ল্যাট বিক্রি করলেন কৃতি! 

বলিউডের অন্দরে খবর, একটা নয়, একসঙ্গে ৪টি ফ্ল্যাট বিক্রি করলেন কৃতি শ্যানন। যদিও সেই ফ্ল্যাটগুলোর মালিকানা কেবল তাঁর একার ছিল না। তাঁর মা এবং বোনের নামেও ছিল। মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টের এই ৪টি ফ্ল্যাট মোট ৮ কোটি ৯০ লাখ টাকায় বিক্রি করেছেন তাঁরা। কে কিনেছেন তাঁদের এই ফ্ল্যাটগুলো? পরিচালক এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে এই ৪টি ফ্ল্যাট ৪ কোটি ৩১ লাখ টাকার বিনিময়ে কিনেছিলেন শ্যাননরা। বর্তমানে সেগুলো প্রায় ডাবল দামে বিক্রি করলেন।

টাকার বিনিময়ে আলিয়ার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে? কী বললেন শাহিদ কাপুর? 

সম্প্রতি ফিল্ম ক্রিটিক অনুপমা চোপড়া জানান একজন খ্যাতনামা তরিকা নাকি টাকা দিয়ে আলিয়া ভাটের বিরুদ্ধে নেগেটিভ পিআর করছেন, ঘৃণা ছড়াচ্ছেন! বিশেষ করে এই বছর তিনি কানের রেড কার্পেটে হাঁটার পর। এই প্রেক্ষিতে শাহিদ কাপুর যা বললেন সেটা নিয়েই শোরগোল পড়েছে। এক সংবাদমাধ্যমের টক শোয়ে শাহিদ কাপুর বলেন, 'আমি ব্যক্তিগত ভাবে কে কী বলল সেটা বিশ্বাস করি না, যতক্ষণ না আমি নিজে সেটা দেখেছি বা প্রমাণ পেয়েছি। আমি বিশ্বাস করি, মানুষ যখন এটা বুঝে যায় বা বিশ্বাস করে যে তাঁরা যেটা বলছে সেটায় তুমি প্রভাবিত হচ্ছ, তাহলে তাঁরা সহজেই তোমায় ম্যানিপুলেট করতে পারে। আমরা গুরুত্বপূর্ণ মানুষ, একটা জায়গায় আছি। তাই মানুষ যদি আমাদের ভাবনাচিন্তাকে নিজেদের মতো আকার দিতে পারে তাহলে তার একটা এফেক্ট তো হবেই!' অভিনেতা আরও জানান তারকাদের উচিত তাঁদের মধ্যে কোনও নিরাপত্তাহীনতা বা খামতি থাকলে সেটা তুলে ধরা, আড়াল না করা। বরং তাঁরা যেটা নন সেটা দেখালে দর্শক, অনুরাগীরা বিরক্ত হন। তাঁর মতে, 'ভালবাসা পেলে, নেতিবাচকতাও সহ্য করতে হবে।' 

'ডন ৩' বিতর্ক থামাতে ফারহান-রণবীরের মধ্যস্থতা করেছিলেন আমির? 

'ডন ৩' ছবিটি নিয়ে ফারহান আখতার এবং রণবীর সিংয়ের মধ্যে ঘোর বিরোধ বাঁধে। অভিনেতা ছবিটি ছেড়ে দেওয়ার পর বিস্তর বিতর্ক এবং সমস্যা দেখা দেয়। এমনকী রণবীরকে ব্যান পর্যন্ত করে দেয় মুম্বইয়ের ফেডারেশন। যদিও পরবর্তীতে সেটা প্রত্যাহার করে নেওয়া হয়। এবার জানা যাচ্ছে তাঁদের এই ঝামেলা মেটাতে মধ্যস্থতা করেছিলেন আমির খান। ফেডারেশনের চিফ অ্যাডভাইজার অশোক পণ্ডিত নিজেই জানিয়েছেন আমির খান সহ ইন্ডাস্ট্রির একাধিক স্টলওয়ার্ট এই বিষয়টা মেটানোর চেষ্টা করেছিলেন। চেষ্টা করেছিলেন যাতে ব্যাপারটা ফেডারেশন পর্যন্ত না গড়ায়। কিন্তু সেটা হয়নি।