অনুরাগ কাশ্যপ মানেই সোজাসাপটা, কাটা-কাটা কথাবার্তা। শিল্পীর আপোষহীন মেজাজ বারবার উঠে এসেছে খবরের শিরোনামে। গত বছরই ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালক রাখঢাক না রেখে জানিয়েছেন, বলিউডের উপর বীতশ্রদ্ধ হয়ে হিন্দি ছবির ইন্ডাস্ট্রি ছাড়ছেন তিনি! পাশাপাশি এও জানিয়েছিলেন এবার থেকে তাঁকে দেখা যাবে দক্ষিণী ছবির জগতে। বলিপাড়ার ছবি তৈরির মানসিকতাকে তীব্র নিন্দা করেছিলেন তিনি। এবার নেটফ্লিক্সকে ফের একহাত নিলেন অনুরাগ!
পরিচালক ও চিত্রনাট্যকার অনুরাগ কাশ্যপ সম্প্রতি নিজের জীবনের এক কঠিন সময়ের কথা সামনে আনলেন। লেখক সুকেতু মেহতা-র বহুল আলোচিত বই ম্যাক্সিমাম সিটি অবলম্বনে তাঁর যে সিরিজটি তৈরি হওয়ার কথা ছিল, সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি নেটফ্লিক্স ইন্ডিয়া-তে। আর সেই ধাক্কা থেকেই নাকি শুরু হয়েছিল ব্যক্তিগত ও শারীরিক সমস্যার পর্ব।
সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ জানান, তিনি সাধারণত হাতে লিখে চিত্রনাট্য তৈরি করেন এবং স্বভাবতই সেই কাজের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন। কিন্তু দীর্ঘদিন পরিশ্রমের পরেও প্রজেক্টটি হচ্ছে না, এ কথা নেটফ্লিক্সের তরফে কেউ স্পষ্টভাবে না বলায় তাঁর মানসিক চাপ আরও বাড়ে।
পরিস্থিতি সামাল দিতে তাঁকে নাকি অন্য কিছু সিরিজের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেগুলোর মান নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না। তাঁর কথায়, মাঝারি মানের লেখা নিয়ে দ্রুত কাজ শুরু করার চাপ ছিল। এমনকি একটি সিরিজের পাইলট এপিসোড লিখে দেওয়ার পরও হঠাৎ সেটিকে “ভারতের মানি হেইস্ট” বানানোর প্রস্তাব আসে, যা তাঁকে যারপরনাই অবাক করেছিল। শেষ পর্যন্ত তিনি সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এই সময়টাকেই অনুরাগ বর্ণনা করেছেন গভীর শোকের সময় হিসেবে। তাঁর ভাষায়, “যখন কোনও প্রজেক্টে এত সময় ও অনুভূতি ঢেলে দেওয়া হয়, সেটা নিজের সন্তানের মতো হয়ে যায়। সেটি হারানো মানে যেন গর্ভপাতের মতো আঘাত।”
এই মানসিক বিপর্যয়ের মধ্যেই তাঁর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটে। এরপর রক্ত পাতলা করার ওষুধ, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া, হাঁপানির সমস্যা—সব মিলিয়ে শারীরিক অবস্থাও অবনতি হতে থাকে। দ্বিতীয় লকডাউনের সময় তিনি নাকি অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও মদ্যপানে জড়িয়ে পড়েন। মাত্র আট মাসে তাঁর ওজন বেড়ে যায় প্রায় ৩৫ কেজি। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে তাঁর মেয়েও চিন্তিত হয়ে পড়েছিলেন।
উল্লেখ্য, স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সিরিজটির স্পিন-অফ বার্লিন ২০২৩ সালে মুক্তি পায় এবং নতুন সিজন ২০২৬ সালের মে মাসে আসার কথা।
এদিকে, ব্যক্তিগত সমস্যা পেরিয়ে আবার কাজে ফিরছেন অনুরাগ। তাঁর নতুন ক্রাইম থ্রিলার ছবি কেনেডি শিগগিরই মুক্তি পাচ্ছে জি ফাইভ-এ, ২০ ফেব্রুয়ারি। ছবিতে অভিনয় করেছেন রাহুল ভাট ও সানি লিওনি।
