কেরিয়ারের স্বর্ণযুগ চলছে দক্ষিণী সুপারস্টার ইল্লু অর্জুনের। কিন্তু তিনি কি এবার হায়দরাবাদ ছেড়ে পাকাপাকিভাবে মুম্বইয়ের বাসিন্দা হতে চলেছেন? বলিপাড়ার অন্দরে কান পাতলে এখন এই একটি প্রশ্নই সবথেকে বেশি শোনা যাচ্ছে। ‘পুষ্পা’ ছবির অভাবনীয় সাফল্যের পর থেকেই অল্লু অর্জুনের জনপ্রিয়তা কেবল দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আর এই সর্বভারতীয় জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই এবার মায়ানগরীতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছেন অভিনেতা।

শোনা যাচ্ছে, পরিচালক অ্যাটলির আগামী বিগ বাজেট ছবি ‘রাকা’-র শুটিংয়ের জন্যই মূলত এই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আল্লু। যদিও এই ছবির কাজ এখনও বাকি, কিন্তু চিত্রনাট্যের কাজ এবং প্রি-প্রোডাকশন প্রায় শেষের পথে। অ্যাটলির ছবির পাশাপাশি বলিউডের আরও বেশ কিছু বড় প্রজেক্ট নিয়ে অভিনেতার কথাবার্তা চলছে। বার বার হায়দরাবাদ থেকে মুম্বই যাতায়াত করাটা বেশ সময়সাপেক্ষ, তাই কাজ ও সময়ের সুবিধার্থে আল্লু অর্জুন চাইছেন মুম্বইতেই নিজের একটি স্থায়ী আস্তানা তৈরি করতে।

তবে কি তিনি চিরতরে হায়দরাবাদ ছাড়ছেন? অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, বিষয়টি একেবারেই তেমন নয়। তাঁর শিকড় হায়দরাবাদেই, সেখানে তাঁর বিশাল বাংলো ও পরিবার রয়েছে। তবে মুম্বইয়ে তাঁর উপস্থিতি বাড়লে বলিউডের কাজগুলো সামলানো সহজ হবে। এর আগে অনেক দক্ষিণী তারকাকেই দেখা গিয়েছে কাজের প্রয়োজনে মুম্বইয়ে আবাসন কিনতে, আল্লু অর্জুনও সম্ভবত সেই পথেই হাঁটছেন।

প্রসঙ্গত, আল্লুর সঙ্গে 'রাকা'য় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ১৯ এপ্রিল, রবিবার দ্বিতীয় সন্তান আসার খবর সমাজমাধ্যমে ভাগ করেছেন দীপিকা। সমাজমাধ্যমে দীপিকা-রণবীরের দ্বিতীয় সন্তান আসার পোস্ট আসতেই দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের অনুরাগী থেকে শুরু করে বহু তারকা।