কিছুদিন ধরেই টলিপাড়ার অন্দরের খবর, এবার নাকি শেষের পথে হাঁটছে স্টার জলসার ধারাবাহিক 'মিলন হবে কতদিনে'। এই মেগার হাত ধরে আবার ছোটপর্দায় জুটি বেঁধে ফিরেছিলেন গৌরব চ্যাটার্জি ও শোলাঙ্কি রায়। তবে বছর ঘোরার আগেই মাত্র কয়েক মাসেই শেষ হচ্ছে এই ধারাবাহিক। এখন কানাঘুষো শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই নাকি শেষদিনের শুটিং হয়ে যাবে এই ধারাবাহিকের। এর মাঝেই 'মিলন হবে কতদিনে' থেকে বিদায় নিল গুরুত্বপূর্ণ চরিত্র। পর্দায় আর দেখা যাবে না 'মেঘনা' ওরফে অভিনেত্রী অলভিয়া সরকারকে।
সমাজমাধ্যমে 'মেঘনা'র চরিত্রের টুকরো ঝলক ভাগ করেছেন অলিভিয়া। সঙ্গে এক আবেগঘন বার্তাও দিয়েছেন। অভিনেত্রী লেখেন, 'হয়তো এখানেই মেঘনা সেনের গল্প শেষ…। যখন এই কাজটা শুরু করেছিলাম, তখন একটাই আশা ছিল, এত বছর পর এই চরিত্রটা যেন আমাকে নতুন কিছু শেখায়, আজ সত্যিই মনে হচ্ছে, আমি তা পেরেছি।'
অলিভিয়া আরও লেখেন, 'দর্শক, আমার কাছের মানুষরা আর মেঘনার গল্পকে যারা ভালবেসেছেন, তাদের সবার প্রতি আমি মন থেকে কৃতজ্ঞ। আপনাদের এই ভালবাসা আর পাশে থাকা আমার কাছে কতটা মূল্যবান, তা মুখে বলে বোঝানো যাবে না। আমি শুধু আশা করি, আমাদের এই গল্প আপনাদের হাসাতে পেরেছে, কাঁদাতে পেরেছে আর আপনাদের মন ছুঁয়ে গিয়েছে। মেঘনা চরিত্রটি সারাজীবন আমার মনের খুব কাছাকাছি থাকবে। কিছু চরিত্র গল্প শেষ হওয়ার পরও হারিয়ে যায় না…তারা মনের ভেতর থেকে যায় চিরকাল।'
অলিভিয়ার পোস্ট দেখে নেটিজেনরা ও দর্শক মহল বুঝতেই পেরেছেন যে ধারাবাহিকে আর দেখা যাবে না তাঁকে। শোনা যাচ্ছে, আস্তে আস্তে আরও অনেক চরিত্রকেই গল্পে আর দেখানো হবে না। এভাবেই একটু একটু করে শেষের পথে হাঁটবে এই ধারাবাহিক। সম্প্রতি 'মিলন হবে কতদিনে'র স্লটও পরিবর্তন হয়েছে। এখন রাত ১১:৩০-এ দেখা যায় এই মেগা।
















