সংবাদসংস্থা মুম্বই: ২০১২ সালে 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবিতে জুটি বাঁধেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। ছবিতে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রাও। এই ছবিতে অভিনয়ের পর থেকেই বরুণ-আলিয়ার বন্ধুত্ব নিয়ে চর্চা হয় বলিপাড়ায়। এরপরও বহু ছবিতে এক সঙ্গে কাজ করেছেন তাঁরা। এই জুটিকে দর্শক শেষ দেখেছেন 'কলঙ্ক' ছবিতে। তারপর থেকেই বড়পর্দায় বরুণ-আলিয়ার ফেরার অপেক্ষায় ছিলেন দর্শক। 

 

 

কিন্তু কোনও না কোনওভাবে কিছুতেই আর একসঙ্গে কাজ করা হচ্ছে না এই জুটির। আগে শোনা গিয়েছিল 'হাম্পটি শর্মা কী দুলহানিয়া' ও 'বদ্রীনাথ কী দুলহানিয়া'র পর আরও একটি ভাগ আসতে চলেছে 'দুলহানিয়া'র। এই খবরে সিলমোহর দিয়েছিলেন করণ জোহর। তবে এও জানিয়েছিলেন, এই ছবি শুধু তাঁর ভাবনাতেই আছে। কাজ এগোয়নি। করণ জানিয়েছিলেন, যদি ভাল চিত্রনাট্যের হদিস পান তবে আরও একবার বরুণ-আলিয়াকে দর্শক দেখবেন এই রোমান্টিক-কমেডি ঘরানার ছবিতে। 

 

 

এদিকে ২ ফেব্রুয়ারি, অনুরাগীদের সঙ্গে দেখা করেন আলিয়া। সঙ্গে আয়োজন করেন মধ্যাহ্নভোজের। সেখানেই অনুরাগীরা তাঁকে বরুণের সঙ্গে আবার কাজ করার জন্য অনুরোধ করেন। আলিয়া জানান, চিত্রনাট্য তৈরি হলে তিনিও তৈরি বরুণের সঙ্গে কাজ করার জন্য। অনুরাগীরা পাল্টা জানান, তাঁরা চিত্রনাট্য তৈরি করে দেবেন। এই কথা শুনে আলিয়াও বলেন, "এর থেকে বেশি ভাল আর কী হতে পারে! আপনারা কাজ শুরু করুন, আমি সবসময় পাশে থাকব।"