নয়ের দশকের প্রজন্মের প্রেম, বন্ধুত্ব আর নস্টালজিয়ার প্রতীক হয়ে আছে ‘কুছ কুছ হোতা হ্যায়’। শাহরুখ খান অভিনীত ‘রাহুল’, কাজল-এর ‘অঞ্জলি’ ও রানি মুখোপাধ্যায়-এর ‘টিনা’ —এই ত্রয়ীর গল্প আজও দর্শকের আবেগে অমলিন।

এবার সেই আইকনিক ছবিকেই নতুনভাবে কল্পনা করল কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই। পরিচালক করণ জোহর-এর এই বিখ্যাত ছবির এআই সংস্করণে দেখা যাচ্ছে 'রাহুলের' ভূমিকায় রণবীর কাপুর, 'অঞ্জলি' হয়েছেন আলিয়া ভাট, আর 'টিনা'র চরিত্রে দেখা যাচ্ছে দীপিকা পাড়ুকোন-কে।অন্যদিকে, অমনের চরিত্রে যেখানে মূল ছবিতে ছিলেন সলমন খান, এআই সংস্করণে সেই জায়গা পেয়েছেন রণবীর সিং।

ইনস্টাগ্রামে এক দীপিকা-ভক্ত পেজ এই নতুন কল্পনার ছবি শেয়ার করে প্রশ্ন তোলে, এই কাস্ট নিয়ে যদি ‘সিজন টু’ তৈরি হয়, দর্শক কি তা দেখতে আগ্রহী হবেন? ছবিগুলিতে দেখা যাচ্ছে ফ্রেন্ডশিপ ব্যান্ড টানাটানির দৃশ্য, অঞ্জলির তাকানো, টিনার উপস্থিতি -সবই নতুন তারকাদের মুখে পুনর্নির্মিত। এমনকী মূল পোস্টারটিও নতুনভাবে তৈরি করা হয়েছে। এক এআই শিল্পী এই ধারণার একটি ভিডিও সংস্করণও তৈরি করেছেন।

গত বছর সানিয়া মির্জার পডকাস্টে করণ জোহরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আজ যদি তিনি ছবিটি নতুন করে বানান, কাদের কাস্ট করবেন? উত্তরে তিনি জানান, রাহুল হিসেবে চান রণবীর সিং, অঞ্জলি হিসেবে আলিয়া ভাট এবং টিনা হিসেবে অনন্যা পাণ্ডে-কে। পাশাপাশি টিনার ভূমিকায় জাহ্নবী কাপুর , সারা আলি খানের কথাও বলেন তিনি।

 

?utm_source=ig_embed&ig_rid=3a12b78c-8465-47eb-89f0-dab73e3cfc65

 

সময়ের সঙ্গে নিজের ছবির দৃষ্টিভঙ্গি নিয়েও আত্মসমালোচনায় ফিরেছেন করণ। ২০২৪ সালে তিনি স্বীকার করেন, ছবিটি এখন তাঁর কাছে খানিক অস্বস্তিকর মনে হয়। অভিনেত্রী শাবানা আজমি নাকি একসময় তাঁকে প্রশ্ন করেছিলেন, অঞ্জলির ছোট চুলে প্রেম নয়, কিন্তু বড় চুলে সুন্দর হলেই প্রেম—এই লিঙ্গ-রাজনীতির ব্যাখ্যা কী? সেই প্রশ্নের উত্তরে করণ বলেন, তখন তিনি শুধু ক্ষমা চেয়েছিলেন।পরবর্তীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, তাঁর প্রথম পরিচালিত ছবিটি ভুল ধরনের লিঙ্গ-রাজনীতি ছড়িয়ে দিয়েছিল।

উল্লেখ্য, করণের শেষ পরিচালিত ছবি ছিল রকি ঔর রানি কি প্রেম কহানি, যেখানে জুটি বেঁধেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট।

 

&t=313s