আমির খান মানেই নতুন কোনও চমক। ২০২৫-এ 'সিতারে জমিন পর'-এর সাফল্যের পর এবার বড় পর্দায় ভারতের ‘স্টার্ট-আপ কিং’ আশনীর গ্রোভারের জুতোয় পা গলাতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট। ‘ভারত-পে’র প্রতিষ্ঠাতা তথা 'শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া' খ্যাত আশনীরের বায়োপিক নিয়ে বলিপাড়ায় এখন জোর গুঞ্জন।
আমির খান কি এবার কর্পোরেট জগতের ‘শার্ক’ হতে চলেছেন? বলিপাড়ার সাম্প্রতিক খবর অনুযায়ী, ভারত-পে-র প্রাক্তন এমডি আশনীর গ্রোভারের জীবনকাহিনি নিয়ে তৈরি হতে চলা বায়োপিকে নামভূমিকায় অভিনয়ের জন্য সবুজ সংকেত দিয়েছেন আমির। স্টার্ট-আপ ওয়ার্ল্ডের উত্থান-পতন আর আশনীরের বর্ণময় ব্যক্তিত্বকে রূপোলি পর্দায় ফুটিয়ে তুলতে মুখিয়ে আছেন অভিনেতা।
শোনা যাচ্ছে, এই হাই-প্রোফাইল ছবিটি পরিচালনা ও প্রযোজনা করবেন রাহুল মোদি। উল্লেখ্য, রাহুল ‘পেয়ার কা পঞ্চনামা’ বা ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর মতো হিট ছবির লেখক এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের চর্চিত প্রেমিক। আমিরের এই প্রজেক্টটি এখন প্রি-প্রোডাকশন স্তরে রয়েছে। যদিও আমিরের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আশনীর গ্রোভার তাঁর আত্মজীবনী ‘দোগলাপন’-এর আকাশছোঁয়া সাফল্যের পর নিজেই টুইট করে জানিয়েছিলেন যে তাঁর জীবন নিয়ে সিনেমা তৈরির কাজ চলছে। আমিরের মতো অভিনেতা এই চরিত্রে অভিনয় করলে তা যে এক অন্য মাত্রা পাবে, তা বলাই বাহুল্য। বিশেষ করে আজকের প্রজন্মের কাছে আশনীর এক অত্যন্ত পরিচিত ও বিতর্কিত নাম।
আশনীরের বায়োপিক ছাড়াও আমিরের হাতে রয়েছে আরও একটি বড় প্রজেক্ট। ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের বায়োপিকে কাজ করছেন তিনি। দীর্ঘ সময় পর এই ছবির হাত ধরেই পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে রিইউনিয়ন হতে চলেছে আমিরের। সূত্রের খবর, এই ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
















