গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন আমির খান। ৫ জুলাই, রবিবার অভিনেতার পালি হিলের নিজের বাড়িতেই নিকট আত্মীয়দের উপস্থিতিতে চার হাত এক হল তাঁদের। গৌরীর ছেলেকে মাঝে নিয়েই আইনি বিয়ে সারলেন তারকা দম্পতি।
মুম্বইয়ের প্রবল বর্ষা উপেক্ষা করেই এদিন বিশেষ দিনে উপস্থিত ছিলেন আমিরের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে দেখা গিয়েছে আমির খানের প্রথম পক্ষের দুই ছেলে-মেয়ে জুনেইদ খান ও ইরা খানকে। অভিনেতার বিয়ের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে আমির খানের আরও এক ছেলে আজাদকেও বাবার পাশে বসে থাকতে দেখা যায়। প্রসঙ্গত আজাদ আমির এবং কিরণের সন্তান। বাবার তৃতীয় বিয়েতে তাঁদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিয়ের পুরো আয়োজনটা অত্যন্ত ব্যক্তিগত রাখা হয়েছিল, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরাই আমন্ত্রিত ছিলেন। কোনও জমকালো রিসেপশন বা এলাহি আয়োজন ছাড়াই সম্পূর্ণ আইনি ও ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান।
৬১ বছর বয়সে আমিরের এটা তিন নম্বর বিয়ে। কিন্তু বড়ছেলে জুনেইদ খানের বয়স ৩৩ পেরলেও এখনও পর্যন্ত অবিবাহিত। পর্দায় জুনেইদ খান কখনও খুশি কাপুর, কখনও আবার সাই পল্লবীর সঙ্গে জুটি বেঁধেছেন। কিন্তু বাস্তবে এখনও তাঁর প্রেমের গুঞ্জন খুব একটা শোনা যায় না।
প্রসঙ্গত, আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের পুরনো, তবে তাঁদের প্রেমের সম্পর্কের সূত্রপাত ঘটে বছর দুয়েক আগে। নিজের ৬০ তম জন্মদিনে গৌরীকে প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেন আমির। এবার কাজের মানুষদের সাক্ষী রেখে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আইনি বিয়ে সারলেন তাঁরা।
















