'থ্রি ইডিয়টস' ছবির 'চতুর রামলিঙ্গম' চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন অভিনেতা ওমি বৈদ্য। এবার সেই ওমি-ই প্রকাশ্যে সমর্থন জানালেন শিক্ষাবিদ ও জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে, যিনি বর্তমানে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসে রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ওমি বলেন, "আমি চাই না ফুন্সুখ ওয়াংডু মারা যাক। হ্যালো ইডিয়টস, চিনতে পেরেছ? আমি ওমি বৈদ্য, 'থ্রি ইডিয়টস'-এর 'চতুর'। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য এসেছি।"
এরপরই তিনি মনে করিয়ে দেন, 'থ্রি ইডিয়টস'-এ আমির খান অভিনীত 'ফুন্সুখ ওয়াংডু' চরিত্রটি বাস্তবে এই সোনম ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত। ওমির কথায়, "অনেকেই হয়তো জানেন না, 'থ্রি ইডিয়টস'-এর ফুন্সুখ ওয়াংডু আসলে লাদাখের এই বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক সোনম ওয়াংচুককে অনুসরণ করেই তৈরি। আমি তাঁর সঙ্গে দেখা করেছি। তিনি অত্যন্ত বিনয়ী এবং অসাধারণ একজন মানুষ।"
ওমি জানান, বর্তমানে দীর্ঘ অনশনের কারণে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা উদ্বেগজনক হয়ে উঠেছে। তাঁর রক্তে শর্করার মাত্রা অনেকটাই নেমে গিয়েছে বলেও দাবি করেন অভিনেতা। একইসঙ্গে প্রশ্ন তোলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে মূলধারার সংবাদমাধ্যম যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কি না।
ভিডিওতে তিনি বলেন, ওয়াংচুক শিক্ষা ব্যবস্থা, লাদাখের স্বায়ত্তশাসন এবং পরিবেশ-সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আন্দোলন করছেন। তবে তাঁর বক্তব্যের সঙ্গে কেউ একমত হোন বা না-হোন, একজন মানুষের জীবন যেন এভাবে বিপন্ন না হয়। তাই সকলকে কয়েক মিনিট সময় নিয়ে বিষয়টি সম্পর্কে জানার আবেদন জানান অভিনেতা।
এদিকে বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণও ওমি বৈদ্যের ভিডিওটি শেয়ার করে সমর্থন জানান। এক্স-এ তিনি লেখেন, "'থ্রি ইডিয়টস'-এর অন্তত একজন চরিত্র সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন। এখন দেখার, আমির খান কী করেন।"
প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টি-র দাবি, অনশন শুরুর পর থেকে সোনম ওয়াংচুকের ওজন প্রায় ৯ কেজি কমেছে এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সংগঠনের অভিযোগ, নিট (NEET) পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে এই আন্দোলন চলছে। আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন শান্তিপূর্ণ মিছিলেরও ডাক দিয়েছে সংগঠনটি।
















