আজকাল ওয়েবডেস্ক: কত মানুষ ভোট দিতে পারবেন? বুধবার নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে এখনও পর্যন্ত ৪৮ লক্ষ ভোটারদের নাম বিচারাধীন তালিকা থেকে নিষ্পত্তি করা হয়েছে। যার মধ্যে বাদ পড়েছে ৪৫ শতাংশের মতো ভোটারদের নাম।
তবে এই বাদ যাওয়া ব্যক্তিদের আবেদন করতে হবে ট্রাইব্যুনালে। আর সেই ট্রাইবুনাল আগামী দু–তিন দিনের মধ্যেই শুরু হতে পারে বলেই মনে করছে নির্বাচন কমিশন। তবে পরিকাঠামোগত সমস্যা থাকার কারণে এখনো পর্যন্ত এই প্রক্রিয়া শুরু করা যায়নি। তবে ট্রাইবুনাল জেলাভিত্তিক স্তরে নয় শুধুমাত্র কলকাতাতেই এই ব্যবস্থা চালু করা হবে। এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।
তবে জেলাগুলিতে অর্থাৎ জেলাভিত্তিকভাবে অবজার্ভাররা পরিদর্শনে বেরিয়ে পড়েছেন। এখনো পর্যন্ত বাঁকুড়া ও পুরুলিয়ায় দু’জন অবজার্ভার রওনা হয়েছেন পরিদর্শনের জন্য। বৃহস্পতিবার থেকে সিইও মনোজ আগরওয়াল নিজেও পরিদর্শনে বেরবেন বলে জানিয়েছেন।
তবে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাডজুডিকেশন তালিকা ও সাপ্লিমেন্টারি তালিকা কোনও নির্বাচন কমিশনের কিংবা সাংবিধানিক পরিকাঠামো নয়। এটি আরপি অ্যাক্টের অন্তর্ভুক্ত। এটি সম্পূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
















