আজকাল ওয়েবডেস্ক: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বুধবার সকালে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মিছিল করে আলিপুরে মনোনয়ন পেশ করলেন। মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। এদিন বিরাট মিছিল করে মনোনয়ন পেশ করেন মুখ্যমন্ত্রী। কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত বিরাট মিছিল করে তৃণমূল-কংগ্রেস৷

এদিন মনোনয়ন জমা দেওয়ার পর বাইরে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, "যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার। তারা ট্রাইব্যুনালে যাবে এবং তাদের নাম তোলা হবে। তবে এখনও কেন এত দেরি হচ্ছে তা নিয়ে আমরা ফের ট্রাইব্যুনালের কাছে আবেদন করব।"

প্রসঙ্গত, মমতা দাঁড়াবেন নিজের গড়েই। প্রার্থী নাম ঘোষণার আগে থেকেই স্পষ্ট ছিল তা। মমতার বিপরীতে এবার বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।

বুধবার মমতার মনোনয়নে হাজির ছিলেন এলাকার ভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ। সকলকে একসঙ্গে নিয়ে হেঁটে, সম্প্রীতি, ঐক্যবদ্ধতার ছবি তুলে ধরলেন মনোনয়ন জমা দেওয়ার দিনই।

এর আগে, মমতা ব্যানার্জির কর্মীসভায় অভিষেক ব্যানার্জি জানিয়েছিলেন, কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকেই। স্থানীয় নেতৃত্ব বলছে, জয়ের ব্যবধান বাড়ানোই মূল লক্ষ্য।