আজকাল ওয়েবডেস্ক: বিবেচনাধীন ভোটার বিজেপির প্রার্থী! সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। তাতে পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে কলিতা মাজির নাম রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারী এসআইআর-এর যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে কলিতা মাজি বিবেচনাধীন। স্বাভাবিকভাবেই বিরোধীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে।
অন্যদিকে আউশগ্রাম বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনেও কলিতা মাজির উপরই ভরসা রাখল বিজেপি নেতৃত্ব। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও গুসকরা শহরের বাসিন্দা ও পেশায় পরিচারিকা কলিতা মাজিকেই আবার প্রার্থী করা হয়েছে। তবে ভোটার তালিকায় তাঁর নামের পাশে ‘আণ্ডার অ্যাডজুডিকেশন’ লেখা থাকায় এলাকায় শুরু হয়েছে গুঞ্জন।
গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঝপুকুর পাড়ের বাসিন্দা কলিতা মাজি। পেশায় তিনি পরিচারিকার কাজ করেন। পরিবারে রয়েছেন স্বামী ও এক ছেলে। ছেলে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
গুসকরা পুরসভার ১৯৫ নম্বর বুথের ভোটার কলিতা মাজি। এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত আংশিক চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায়, ওই বুথে ৩৯৭ নম্বর সিরিয়ালে রয়েছে তাঁর নাম। কিন্তু সেই নামের উপর ‘আণ্ডার অ্যাডজুডিকেশন’ ছাপ দেওয়া রয়েছে। অর্থাৎ তাঁর ভোটার পরিচয় নিয়ে এখনও নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বাকি রয়েছে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন তালিকায় নাম থাকা অবস্থায় কেউ কি নির্বাচনে প্রার্থী হতে পারেন? পাশাপাশি, তিনি কি নিজের ভোট নিজে দিতে পারবেন? এই নিয়েই এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা।
যদিও এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কলিতা মাজি। তিনি বলেন, এসআইআর- প্রক্রিয়ায় প্রাথমিকভাবে তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানীর জন্য ডাক পান।সেইমতো তিনি শুনানীতেও হাজিরা দিয়েছিলেন।
কলিতা মাজির দাবী, তাঁরা ৭ বোন।বাকি ছ'বোনের নাম উঠেছে।শুধু তাঁর নাম বিচারাধীন আছে। তাঁর কথায়, "আমি সমস্ত নথিই জমা দিয়েছি। কমিশনের আধিকারিকরা বলেছেন কোনও অসুবিধা নেই।
এখন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। দল আমাকে প্রার্থী করেছে। আমি আত্মবিশ্বাসী, এবার আমরাই জিতব।”
উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভা কেন্দ্রটি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এবং এটি তপসিলি জাতি সংরক্ষিত আসন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কলিতা মাজিকে প্রার্থী করে কার্যত চমক দিয়েছিল বিজেপি। এবারের নির্বাচনেও তাঁকেই প্রার্থী করায় রাজনৈতিক মহলে আবারও শুরু হয়েছে জোর আলোচনা।
গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভেদানন্দ থাণ্ডার জয়ী হয়েছিলেন। তিনি পেয়েছিলেন ১,০০,৩৯২ ভোট।বিজেপি প্রার্থী কলিতা মাজি দ্বিতীয় হয়ে পেয়েছিলেন ৮৮,৫৭৭ ভোট।
