আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। এদিন কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে উত্তেজনা চরমে ওঠে। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগ। বিজেপির দাবি, তাদের প্রার্থী শুভেন্দু সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এমনকী, দলের এক এজেন্টকেও মারধর করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বুথের বাইরে একটি সরু আলপথ দিয়ে হাঁটছিলেন বিজেপি প্রার্থী। সেই সময় প্রায় ১০-১২ জন ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন এবং আচমকাই তাঁর ওপর চড়াও হন। ভিডিওতে কিল-ঘুষি মারার দৃশ্যও ধরা পড়েছে। পরিস্থিতি সামাল দিতে একজন উর্দি পরা ব্যক্তি দ্রুত ছুটে এসে তাঁকে রক্ষা করার চেষ্টা করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রার্থীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন।
পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলে সেই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। যদিও বিজেপি প্রার্থীর দাবি, কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ও সামনে মোতায়েন ছিল।
ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওয়াররুম থেকে ফোনে কথা বলেন প্রার্থীর সঙ্গে। পরিস্থিতির খোঁজ নেন। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার নিরপেক্ষভাবে কাজ করছেন না। একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকী প্রার্থীর গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বিজেপি একাধিক বুথে এজেন্ট দিতে পারছে না। তাই সহানুভূতি আদায়ের জন্য এমন নাটক সাজানো হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এখন প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
















