আজকাল ওয়েবডেস্ক: বাংলা সব সময় পথ চেনে এবং পথ দেখায়- এই বিশ্বাসকে 'সঙ্গী' করেই এবার মানুষের দোরগোড়ায় পৌঁছতে চাইছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সম্প্রতি মমতা ব্যানার্জি ঘোষিত ১০টি ‘প্রতিজ্ঞা’-এর কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই পরিকল্পনা কোনও আকাশকুসুম কল্পনা নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন আর স্বপ্নের প্রতিফলন।

বাংলার এই নতুন পথচলায় অভিষেক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নারীশক্তি, যুবসমাজ, কৃষক এবং প্রবীণ নাগরিকদের ওপর। তাঁর মতে, তাঁদের হাতে কেবল সুযোগ তুলে দেওয়াই লক্ষ্য নয়, বরং মর্যাদার সঙ্গে তাঁদের স্বনির্ভর করাই আসল উদ্দেশ্য। এই লক্ষ্যপূরণে একগুচ্ছ পরিকল্পনার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। যার মধ্যে অন্যতম হলো- প্রতিটি পরিবারের জন্য পাকা ছাদ নিশ্চিত করা এবং ঘরে ঘরে 'পরিশ্রুত' পানীয় জল পৌঁছে দেওয়া।

স্বাস্থ্য ও শিক্ষার পরিকাঠামোয় আমূল বদল আনার ইঙ্গিত দিয়ে অভিষেক জানিয়েছেন, ‘দুয়ারে চিকিৎসা’র মাধ্যমে চিকিৎসা পরিষেবা যেমন মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া হবে, তেমনই সরকারি স্কুলগুলিকে আধুনিক সাজে সাজিয়ে তোলা হবে। তাঁর দাবি, এই দৃষ্টিভঙ্গিতে যেমন দয়া ও মমত্ব আছে, তেমনই আছে বাংলার উন্নতির 'জেদ'।

শিল্পের প্রসার এবং সরকারি কাজকর্মকে আরও গতিশীল ও স্বচ্ছ করার ওপরও বিশেষ জোর দিয়েছেন অভিষেক ব্যানার্জি। তাঁর কথায়, “এই স্বপ্ন বিমূর্ত নয়, মানুষের সঙ্গে নিরন্তর মেলামেশার ফসল।” বাংলার জনকল্যাণে যিনি নিরলস কাজ করে চলেছেন, তাঁর হাত শক্ত করে এই ইস্তেহারগুলিকে এখন বাস্তবে রূপ দেওয়াই তাঁদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অভিষেক।