আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থী তাঁদের কাণ্ডকারখানার জন্য ভাইরাল হয়েছেন। সেরকমই বৃহস্পতিবার এক ব্যক্তি ভাইরাল হয়েছেন শুধুমাত্র রুদ্রনীল ঘোষের চুমু খেয়ে।
লোকসভা নির্বাচনে চুমু খেয়ে ভাইরাল হয়েছিলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তীব্র বিতর্ক হয়েছিল সেই চুমু কাণ্ডে। এবার বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন ‘জয় বাংলা’ স্লোগান শুনে এক তৃণমূল সমর্থককে চুমুতে ভরিয়ে দিয়েছেন শিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল। কিন্তু বিজেপি প্রার্থীর থেকে একের পর এক চুমু খেয়ে কী বলছেন ওই তৃণমূল সমর্থক? ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে শক্তি দেবনাথ নামে ওই ব্যক্তি জানান, তিনি শিবপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা।
পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘আমি আমাদের ন’নম্বর ওয়ার্ডের এক মহিলা নেত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় দেখি আমাদের শিবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ এবং ওনার অনুগামীরা মিছিল করে আসছেন। সেই সময় আমি সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিই।’
তিনি আরও বলেন, ‘উনি সেটা শুনে মানসিকভাবে ভেঙে পড়েন এবং আমার দিকে তেড়ে আসেন। আমার সঙ্গে ধস্তাধস্তি হয়। আমাকে বারবার জয় বাংলা বলা থেকে আটকাতে থাকেন তিনি। ধস্তাধস্তিতে আমার জামা ছিঁড়ে যায়।’
তাঁর দাবি, রুদ্রনীল তাঁকে বারবার ‘জয় ভারত’ বলার জন্য জোর করছিলেন। তিনি বলেন, ‘আমি তখন বলি, ঠিক আছে ভারতে যখন বাস করি জয় ভারত বলব। আপনাকে কিন্তু জয় বাংলা বলতে হবে। উনিও তখন রাজি হয়ে জয় বাংলা স্লোগান দেন।’
শক্তির দাবি, জয় বাংলা স্লোগান শুনে ওনার মতো অত বড় সেলিব্রিটি মানুষ রেগে গেলেন। আমি চাই উনি মানসিকভাবে সুস্থ থাকুন, ভাল থাকুন।’
















