আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিজেপির প্রচারে বাধা এবং কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের সঙ্গে সংঘর্ষের অভিযোগকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনাটি সবংয়ের ৫ নম্বর সারতা অঞ্চলের ছিনা এলাকায়।
বিজেপির অভিযোগ, গত দুদিন আগে ওই এলাকায় প্রচারে গেলে তাদের কর্মীদের বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করে, যার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। তারপরই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে একটি ভিডিও দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছিল। তখনই তৃণমূল নেতার মুখে সপাটে চড় মারেন কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক। সেই ঘটনার ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।
বিজেপির দাবি, তাদের গণতান্ত্রিক প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স বলেন, ওই দলে নেতার অভাব। লোক ভাড়া করে দলীয় ফ্লাগ- ফেস্টুন লাগায়। ওড়িশা-সহ অন্যান্য রাজ্য থেকে লোক তুলে এনে প্রচার করে। হিন্দি ভাষার মানুষ এলাকায় ঢুকেছিল। এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার নয়, সাধারণ মানুষ তাদেরকে জিজ্ঞেস করেছিল। বাড়ি কোথায়? তোমরা কেন এসেছ? যারা বাংলা ভাষা জানে না, বাংলা ভাষা বিরোধী তাদের সঙ্গে সাধারণ মানুষের সমস্যা তৈরি হয়েছে। বিজেপি-আরএসএস বাইরে থেকে লোক ঢুকিয়ে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি।
বর্তমানে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।















