আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বারাসাতের ভূমিপুত্র তথা 'ফিটনেস ট্রেনার' অভীক বসু ঠাকুর। ইতিমধ্যেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বারাসাত বিধানসভা কেন্দ্রে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীরা 'বহিরাগত' বলে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই নিজেকে ভূমিপুত্র হিসেবে তুলে ধরে ভোটের ময়দানে নামার বার্তা দিয়েছেন অভীক। বারাসাতের এই নির্দল প্রার্থী সিপিএম পরিবার থেকে উঠে এসেছেন। অনেকের মতে অভীককে গোঁজ প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ অভীক নিজে। 

 

তাঁর দাবি, তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে বারাসতের মানুষের দাবি-দাওয়া নিয়েই ভোটে লড়ছেন। তিনি জানান, তাঁর বাবা পুলক বসু ঠাকুর সিপিএমের সক্রিয় নেতা ছিলেন। অভীক নিজেও এসএফআই করতেন। তবে বর্তমানে একটি অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত।'ক্যাডারমুক্ত রাজনীতি’, 'নাগরিক পরিষেবা উন্নয়ন' ও 'স্থানীয় সমস্যা'কে সামনে রেখেই লড়াইয়ে নেমেছেন তিনি। এমনটাই তিনি জানান। পাশাপাশি তিনি বলেন, জিতে আসলে সবার প্রথমে তিনি বারাসাত শহরকে যানজট মুক্ত করবেন। কেননা বারাসাতের যানজট নিত্যদিনই একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যানজট সমস্যার জন্য তিনি পুলিশকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। 

 

 পাশাপাশি তিনি জানান, শুধু যানজটই নয় বারাসাতের যে পশু হাসপাতালটি রয়েছে সেটিকে তিনি মাল্টি-স্পেশালিটি অ্যানিম্যাল হাসপাতাল-এ রূপান্তরিত করবেন। আধুনিক মাল্টি-স্পেশালিটি সুবিধার মধ্যে যা যা থাকে যেমন সার্জারি ইউনিট, আইসিইউ, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি-র মতো পরিষেবা এই হাসপাতালে পাওয়া যাবে। দিনরাত পশুদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা, রাস্তার অসহায় পশুদের জরুরি উদ্ধার,বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা, রাস্তার কুকুর ও বিড়ালের জন্য 'ফ্রি ট্রিটমেন্ট' ছাড়াও 'ভ্যাকসিনেশন ক্যাম্প', নির্বীজকরন এবং মানবিকভাবে উপায়ে তাদের জন্য বিশেষ খেয়াল রাখা বা 'ট্রেনিং সাপোর্ট', এই সমস্ত কিছু করাই তাঁর একমাত্র লক্ষ্য। 

 

বারাসাত মেডিক্যাল কলেজ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। অভীক বলেন, বারাসাত হাসপাতালকে তিনি আধুনিক মাল্টি-স্পেশালিটি হাসপাতালে পরিণত করবেন। কারণ, এখনও পর্যাপ্ত ব্যবস্থার অভাবে এখান থেকে রোগীদের অন্যত্র চিকিৎসার জন্য যেতে হয় বলে তাঁর অভিযোগ। অভীক জানিয়েছেন, জিতে এসে সর্বপ্রথম বারাসাত পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন যাতে যানজট নিয়ে মানুষ নাজেহাল না হয়। 

 

বারাসাতের এই নির্দল প্রার্থী ভোটের ময়দানে কতটা তৃণমূল বিজেপির থেকে এগিয়ে থাকে সেটাই এখন দেখার।