আজকাল ওয়েবডেস্ক: ফের নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার খড়গপুরে তৃণমূল সরকার এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীক্ষ্ণ আক্রমণ শানালেন তিনি। তাঁর সাফ কথা, রাজ্যে শান্তি ফেরাতে এবং দুর্নীতিমুক্ত করতে বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের ধাঁচে ‘বুলডোজার’ নীতি প্রয়োগ করা হবে। ফিরহাদ হাকিমের একটি পুরনো মন্তব্যের রেশ টেনে দিলীপ ঘোষ বলেন, "ইউপি, বিহার, দিল্লি, গুজরাট সব জায়গায় রামরাজ্য হয়েছে। সেখানে কি কোনও মুসলমানকে কেটে ফেলা হয়েছে?" তাঁর দাবি, পশ্চিমবঙ্গের তুলনায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিমরা বেশি নিরাপদ এবং কর্মসংস্থানের জন্য তাঁরা সেই রাজ্যগুলিতেই পাড়ি দিচ্ছেন। 

তিনি আরও যোগ করেন, "তৃণমূল রাজ্যে মুসলিমরা সুরক্ষিত নয়, এখানে কেবল বিভাজনের রাজনীতি চলছে।" নন্দীগ্রাম সমবায় সমিতির অনিয়ম এবং এনআইএ এবং সিবিআই তদন্ত প্রসঙ্গে দিলীপ বলেন, যারা দুর্নীতি করেছে তাদের আইনের মুখোমুখি হতেই হবে। তিনি বলেন, "বিজেপি এলে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে জেলে। নির্বাচনের সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। আদালত তার নিজের কাজ করছে।" বন্দে মাতরম বিরোধী ও ভাষা বিতর্ক নিয়েও মুখ খোলেন তিনি। তিনি বলেন, "বন্দে মাতরম স্লোগান দিয়ে দেশের স্বাধীনতার জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। যারা এর বিরোধিতা করবে, তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত।" পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন, "বিজেপি নেতাদের 'বহিরাগত' বলা হয়, অথচ মুখ্যমন্ত্রী ইদের জমায়তে গিয়ে উর্দুতে ভাষণ দেন। বাংলায় থাকতে হলে বাংলা শিখতে হবে।" 

রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, শান্তি প্রতিষ্ঠা এবং অপরাধীদের দমনে 'বুলডোজার' বা যা যা প্রয়োজন, বিজেপি ক্ষমতায় এলে তার সবটাই প্রয়োগ করা হবে।