মিল্টন সেন, হুগলি: মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন জাঙ্গিপাড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। এই নিয়ে চতুর্থ বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন স্নেহাশিস।
মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। জাঙ্গিপাড়া বিধানসভা থেকে চতুর্থবারের জন্য প্রার্থী করা হয় তাঁকে। বুধবার সকালে জাঙ্গিপাড়ার রাজবলহাট রাজবল্লভি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন জাঙ্গিপাড়া তৃণমূল প্রার্থী স্নেহাশিষ চক্রবর্তী। সঙ্গে ছিলেন তাঁর ছেলে আঞ্জিষ্ণু চক্রবর্তী।
রাজ্যের বিদায়ী পরিবহণ মন্ত্রী তথা বিধায়ক বলেন, মন্দিরে পুজো দিয়ে প্রত্যেক নির্বাচনে তিনি প্রচার শুরু করেছেন। তাই এবারও পুজো দিয়ে প্রচার শুরু করলেন। তাঁর কথায়, "সারা বছর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকেছে। কাজ করেছে। তবুও নির্বাচন ঘোষণা হলে মানুষের কাছে যেতে হয়। এটাই নিয়ম। মানুষ আশা করে থাকে যে, প্রার্থী যেন তাঁদের কাছে একবার আসেন। সেই এলাকার মানুষের কাছে পৌঁছনোর জন্যই যে প্রচার অভিযান। সেটাই আজ থেকে শুরু করলাম।"
তিনি আরও বললেন, "২০১১ সালের আগে বাংলায় বামফ্রন্ট সরকার ছিল। সেসময় বাংলার সর্বত্র ছিল অনুন্নয়নের ছবি। আজকে পনেরো বছরে মমতা ব্যানার্জি অনেক উন্নয়ন করেছেন। ফুরফুরার উন্নয়ন সহ জাঙ্গিপাড়ার সার্বিক পরিকাঠামো, উন্নয়ন থেকে সরকারি প্রকল্পের সাহায্য পাচ্ছেন মানুষ। কিছু কাজ যেগুলো বাকি আছে সেগুলো করা হবে।" দলের কর্মী সমর্থকরা বাজনা বাজিয়ে প্রার্থীকে নিয়ে এলাকা পরিদর্শন করেন। প্রার্থী দেখা করেন, কথা বলেন বাসিন্দাদের সঙ্গে।
প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, তাহলে বার বার বাংলাকে আঘাত করছেন কেন? মনে রাখবেন, বাংলাও প্রত্যাঘাত করবে।
আমরা এখানে সবাই সম্প্রতি নিয়ে থাকি। দাঙ্গা লাগানো প্ল্যান। গায়ের জোরে সবাইকে বলছেন সেন্ট্রাল ডেপুটেশনে পাঠাও। জল কে দেখবে, পাওয়ার লোডশেডিং হলে কে দেখবে। কোথাও কিছু হলে আমায় দোষ দেবেন না। এদের টুঁটি চেপে ধরবেন। ২০২৬-এ ২২৬-এর বেশি সিট পেয়ে জিতব।'
প্রসঙ্গত, রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর।
২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।
ছবি পার্থ রাহা।
