আজকাল ওয়েবডেস্ক:‌ বিধানসভা নির্বাচনের আগে বাগদা ও বনগাঁ এলাকায় ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ বিতরণ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ, মহিলাদের মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেখিয়ে একটি ফর্ম পূরণ করানো হচ্ছিল, যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।


তৃণমূলের দাবি, ফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও বিজেপির প্রতীক ব্যবহার করে মহিলাদের আশ্বাস দেওয়া হচ্ছিল যে অল্প কয়েক দিনের মধ্যেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এই অভিযোগ তুলে রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর জানান, বুধবার বাগদার রনঘাট গ্রাম পঞ্চায়েতের টালিখোলা এলাকায় একটি দোকান থেকে এই কাজ চলছিল। খবর পেয়ে সেখানে ভিড় জমে বহু মহিলার।


ঘটনার পর পুলিশ ও নির্বাচন কমিশনকে জানানো হলে বাগদা থানার পুলিশ এবং কমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, বনগাঁ উত্তর কেন্দ্রেও একই ধরনের ঘটনার অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তাঁর দাবি, রেলবাজার এলাকার একটি লজ থেকে একইভাবে ফর্ম পূরণ করানো হচ্ছিল। তিনি অভিযোগ করেন, ‘‌গরিব মানুষদের টাকার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। কমিশন ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামব।’‌ তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বনগাঁ উত্তর কেন্দ্রের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অশোক কীর্তনিয়ার বক্তব্য, এটি কোনও বেআইনি কাজ নয়। তাঁর কথায়, ‘‌এটা আমাদের ঘোষিত কর্মসূচি। ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। সেটাই জানানো হচ্ছে।’‌