আজকাল ওয়েবডেস্ক:‌ নির্বাচনের আগে প্রশাসনিক পর্যায়ে বড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দশ জন আইএএস আধিকারিককে অবিলম্বে বদলির ভিত্তিতে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে ২৭ মার্চ বিকেল ৫টার মধ্যে নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে রিপোর্ট করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলেই দায়িত্ব পালন করতে হবে। 


বদলি হওয়া আইএএস আধিকারিকদের মধ্যে আছেন মঈন আহমেদ। যিনি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে বদলি করে জলপাইগুড়ির সদর এসডিও পদে নিয়োগ করা হয়েছে। তিনি জলপাইগুড়ি (এসসি) বিধানসভা কেন্দ্রে দায়িত্ব নেবেন।

 রবি কুমার মীনা উচ্চশিক্ষা দপ্তরের ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে দক্ষিণ ২৪ পরগনার আলিপুর সদর সাব–ডিভিশনাল অফিসার পদে নিয়োগ করা হয়েছে। তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকবেন।

 রবি রঞ্জন এমএসএমই ও বস্ত্র দপ্তরের বিশেষ সচিব ছিলেন। তাঁকে হাওড়ার এডিএম–১ পদে বদলি করা হয়েছে। তিনি জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পালন করবেন।

 প্রিয়দর্শিনী এস উপভোক্তা বিষয়ক দপ্তরের বিশেষ সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে হুগলির এডিএম–৩ পদে নিয়োগ করা হয়েছে। তিনি পুরশুড়া বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকবেন।

 সুরভি সিংলা হলদিয়ার এসডিও হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে একই পদে পুনরায় দায়িত্ব দিয়ে হলদিয়া বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

 ধুমাল প্রতীক অশোক কাঁথির এসডিও হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে একই পদে বহাল রেখে কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

 কর্মবীর কেশব এগরার এসডিও হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে একই পদে রেখে এগরা বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

 একম জে সিং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ছিলেন। তাঁকে পশ্চিম মেদিনীপুরের এডিএম (এলআর) পদে বদলি করা হয়েছে। তিনি খড়গপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব নেবেন।

 মহম্মদ আবদুল শহিদ নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির সিইও ছিলেন। তাঁকে পশ্চিম মেদিনীপুরের এডিএম (ডেভেলপমেন্ট) পদে বদলি করা হয়েছে। তিনি দাসপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পালন করবেন।

 প্রিয়দর্শিনী ভট্টাচার্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব ছিলেন। তাঁকে বাঁকুড়ার এডিএম–২ পদে নিয়োগ করা হয়েছে। তিনি সোনামুখী বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকবেন।

নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি এবং 
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার স্বার্থে প্রশাসনিক আধিকারিকদের এই বদলি করা হয়েছে বলে সূত্রের খবর। বিশেষ করে যেসব বিধানসভা কেন্দ্রে নির্বাচন সংক্রান্ত কাজ গুরুত্বপূর্ণ, সেখানে অভিজ্ঞ আধিকারিকদের মোতায়েন করা হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের বদলি নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশে বাঁকুড়া জেলায় পিডি, ডিআরডিসি পদে নিয়োগ পেলেন আইএএস আধিকারিক মিস টেনজিন সেমকিয়ি ওগেন। যিনি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের যুগ্ম সচিব। তাঁকে বদলির ভিত্তিতে বাঁকুড়া জেলার পিডি, ডিআরডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। শুধু প্রশাসনিক দায়িত্বই নয়, রায়পুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই দায়িত্বের কারণে দ্রুত যোগদানের ওপর জোর দেওয়া হয়েছে।


জারি করা নির্দেশ অনুযায়ী, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে তাঁকে ২৭ মার্চ ২০২৬, শুক্রবার বিকাল ৫টার মধ্যে অবশ্যই রিপোর্ট করতে বলা হয়েছে।


এদিকে, আইএএস রবি কুমারকে হুগলির আরামবাগ মহকুমার সাব–ডিভিশনাল অফিসার (এসডিও) পদে নিয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। বদলির ভিত্তিতে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে আরামবাগ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবেও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

‌‌

 

‌‌

 

 

‌‌