আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৯ এপ্রিল, বুধবার রাজ্যের ১৪২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সোমবার সন্ধ্যা ৬টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। সেই কারণে রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতায় শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপাল বিজেপি। এদিন উত্তর কলকাতায় রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে রোড শো শুরু হয় প্রধানমন্ত্রীর। তার আগে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেন তিনি। এরপর হুডখোলা গাড়িতে চেপে উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করেন মোদি।

এদিন সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলে মোদির এই রোড শো। শ্যামপুকুর, জোড়াসাঁকো, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া-সহ উত্তর কলকাতার একাধিক কেন্দ্রের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে একই গাড়িতে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি প্রধানমন্ত্রীকে উত্তম কুমারের একটি ছবিও উপহার দেন।

এদিন প্রধানমন্ত্রীর রোড শো-য়ে প্রথম সারিতে ছিলেন সংশ্লিষ্ট কেন্দ্রগুলির বিজেপি প্রার্থীরা। তাঁদের পিছনে ছিলেন মহিলা বিজেপি কর্মী ও সমর্থকরা। এরপর ছিলেন অন্যান্য দলীয় কর্মী-সমর্থকরা। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে রাস্তার দু’পাশে দাঁড়ানো মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

এবারের নির্বাচনে ‘ভয় নয়, ভরসা’ বার্তা দিয়েছে বঙ্গ বিজেপি। এদিনের রোড শো-তে সেই প্রচারেরই প্রতিফলন দেখা যায় বলে দাবি দলের। উল্লেখ্য, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিডন স্ট্রিট ক্রসিং থেকে এদিন মোদির রোড শো শুরু হয়ে বি কে পাল অ্যাভিনিউ হয়ে খান্না মোড়ে শেষ হয়।

প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে গোটা এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বহু পুলিশ কর্মী মোতায়েন করা হয়, পাশাপাশি নজরদারিও ছিল জোরদার। এদিন রাতে কলকাতার রাজভবনেই রাত্রিবাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।