আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই হুলস্থুল কাণ্ড! ভোটকেন্দ্রে হাজির গজরাজ। ভয়ে তটস্থ ভোটাররা। সময়ের আগেভাগেই ভোটকেন্দ্রে পৌঁছনোর ইচ্ছে থাকলেও, বাধ সাধল দাঁতাল। 

 

বৃহস্পতিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। এদিন সকালে ভোটগ্রহণ শুরুর আগে জিতুশোল প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সামনেই হাজির হয় একটি দাঁতাল। এলাকায় তাকে 'রামলাল' বলেই ডাকেন স্থানীয়রা। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রায়ই দেখা যায় 'রামলাল'কে। এক গ্রাম থেকে আরেক গ্রামে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়। ধান, সবজি, আম, কাঁঠাল, যখন যা হাতের কাছে থাকে, ভালবেসে 'রামলাল'কে খাওয়ান গ্রামবাসীরা। 

 

বৃহস্পতিবার সকালে প্রথম দফার ভোটগ্রহণ শুরুর আগেই ওই ভোটকেন্দ্রের সামনে সে হাজির হয়। যার জন্য ওই ভোটকেন্দ্রের ভিতরে স্থানীয় ভোটাররাও ঢকুতে পারেননি। দাঁতালটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রাও। আতঙ্ক ছড়ায় ভোটকেন্দ্রের ভিতরে কর্মীদের মধ্যেও। 

 

খানিকক্ষণ পরেই স্থানীয়দের থেকে খবর পেয়ে ওই ভোটকেন্দ্রের সামনে পৌঁছন লোধাশুলি রেঞ্জের বনকর্মীরা। দাঁতালকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। এরপরই শান্তিপূর্ণভাবে শুরু হয় ভোটগ্রহণ। 

 

দাঁতাল হাতির দাপট সামলানোর জন্য বিশেষ পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। ‘ঐরাবত’ গাড়ি-সহ ১৫ জনের একটি দল তৈরি করা হয়েছে। পাশাপাশি জেলা জুড়ে ‘এলিফ্যান্ট ট্রেকার্স টিম’, ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে। এই দলের সদস্য দিনভর সক্রিয় থাকবেন। একসঙ্গে সক্রিয় থাকবেন বনদপ্তরের কর্মীরাও।