আজকাল ওয়েবডেস্ক:‌ বিক্ষোভ মিটতে না মিটতেই ফের নতুন করে শুরু হল। মালদহে। ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের অবস্থান বিক্ষোভ ঘিরে উত্তেজনা ফের বাড়ছে মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সামনে।


 ‘‌আগে ভোটার, পরে ভোট’‌ স্লোগান তুলে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। এর জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের যোগাযোগ কার্যত স্তব্ধ।


এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন পুরাতন মালদা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এলাকায় এখনও উত্তেজনা বজায় রয়েছে।


জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায়। রাতে কয়েক ঘণ্টার জন্য অবরোধমুক্ত হওয়ার পরে ফের অবরুদ্ধ হয়ে গিয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের তরফে। বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা। অবরোধস্থলে মোতায়েন রয়েছে মালদহ থানার পুলিশ বাহিনী। মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বুধবার যে দাবিতে কালিয়াচকে বিক্ষোভ হয়েছিল, বৃহস্পতিবারও সেই একই দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে পুরাতন মালদহ ব্লকেও। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের অনেকেরই বৈধ নথিপত্র থাকার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে।


এই দাবিতে বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল মালদহের বিভিন্ন এলাকা। দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল জাতীয় সড়ক। ঘেরাও হয়ে থাকেন বিচারবিভাগীয় আধিকারিকরা। রাত ১২টা নাগাদ তাঁরা ঘেরাওমুক্ত হন। 


এদিকে, রাতে যে এলাকাগুলিতে বিক্ষোভ হয়েছিল বৃহস্পতিবার সকাল থেকে সেই সব এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসেছে। ১২ নম্বর জাতীয় সড়ক এবং মালদহ–মোথাবাড়ি রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় বসেছে পুলিশ পিকেট। এলাকায় মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বুধবার বিক্ষোভ হয়েছে সুজাপুর এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে। বৃহস্পতিবার পুরাতন মালদহ ব্লকে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।