আজকাল ওয়েবডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। সোমবার রাতে বিবেচনাধীন অবস্থায় থাকা ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন।

এরপরেই মঙ্গলবার চাকদার সভা থেকে ভোটার তালিকা নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জি। কমিশনকে একহাত নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কালকের তালিকা দেখলাম।

৬০ লক্ষের মধ্যে উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় নাম বাদ পড়েছে। তবে ৩২ লক্ষের নাম উঠেছেও। বাকি নামও যাতে উঠে যায় ট্রাইব্যুনালে আমরা সেই চেষ্টা করব।’

বিজেপিকেও একহাত নেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ‘রাজ্যের বাইরে থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। বহিরাগতদের এনে বাংলার ভোটারদের ভয় দেখাচ্ছে।’

বনগাঁর সভা থেকেও কমিশনকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, '৬০ লক্ষ বাদ দেওয়ার পর আমরা রাস্তা থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় গিয়েছি। তার জন্য ৩২ লক্ষ নাম যোগ হয়েছে।'

তিনি আরও বলেন, 'বাকি যাঁদের নাম ওঠেনি, তাঁরা চিন্তা করবেন না। তাঁদের জন্য আমরা ট্রাইব্যুনালে যাব। আমি আগেও বলেছি, এখনও বলছি, বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না।'

রাজ্যে মোট বাদ পড়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটার। কমিশনের প্রকাশ করা তালিকায় জানানো হয়েছে, সোমবার মাঝরাত পর্যন্ত বিবেচনাধীন অবস্থায় থাকা তালিকা থেকে নাম উঠেছে মোট ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের।

তবে এই তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা ফের ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ট্রাইব্যুনালে আবেদনের পর নাম উঠলে এবং তাঁরা যদি প্রথম দফার ভোটার হন সেক্ষেত্রে তাঁরা এবার  ভোট দিতে পারবেন না, এমনটাই জানিয়েছে কমিশন।

সোমবারের শুনানিতে গোটা প্রক্রিয়াটা ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন ছিল সোমবার। নিয়ম অনুযায়ী, সোমবার প্রথম দফার নির্বাচনের আগে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কথা।

তবে ১৩ তারিখ পরবর্তী শুনানির আগে পর্যন্ত আশা রাখতে হচ্ছে ভোটারদের। কমিশনের দেওয়া তালিকা মারফত জানা গিয়েছে, ৬০ লক্ষ ৬৬ হাজার ৭৫ জন ভোটার বিবেচনাধীন ছিলেন।

তবে কমিশন জানিয়েছে, ৬০ লক্ষ ৬৬ হাজার ৭৫ জনের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে এদিনের তালিকায়। বাকি থাকা ২২,১৬৩ জনের ই-স্বাক্ষর এখনও করা হয়নি বলে জানানো হয়েছে।

জেলা ভিত্তিক হিসাব করলে সব থেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। সোমবারের তালিকা অনুযায়ী মুর্শিদাবাদ থেকে বাদ পড়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম।

এর আগে ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকায় মুর্শিদাবাদ থেকে বাদ পড়েছিল ২ লক্ষ ৯৩ হাজার ৮২২ জনের নাম। উত্তর ২৪  পরগনা থেকে বিবেচনাধীন অবস্থায় থাকা ভোটারদের মধ্যে বাদ পড়েছেন মোট ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন।  এর পাশাপাশি মালদা জেলা থেকে বাদ পড়েছে মোট ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জনের নাম।