আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে নির্বাচনের প্রাক্কালে বিধাননগর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আরও এক মানবিক দিক এল প্রকাশ্যে। আজ শনিবার সন্ধ্যায় বাগুইআটি থানার অন্তর্গত পঞ্চাননতলা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (CAPF)-এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কমিউনিটি বেসড মিটিং (CBM) বা বৈঠক অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট ডিভিশনের ডেপুটি কমিশনার অব পুলিশ (DCP) শ্রীমতি ঐশ্বরিয়া  সাগর, IPS। তাঁর সঙ্গে ছিলেন বাগুইআটি থানার ইন্সপেক্টর ইনচার্জ (IC) শ্রী অমিত কুমার মিত্র।

এদিন শনিবার ২১শে মার্চ এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি, চিহ্নিত কিছু সংবেদনশীল ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতা করেন এবং তাঁদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা বাড়বে বলেই মনে করছে সমাজের বিশিষ্টজনেরা।

https://www.youtube.com/shorts/NWzJGSyWKMw

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে সংবেদনশীল ব্যক্তিদের কাছে গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলি সরবরাহ করা হয়। এর মধ্যে ছিল বাগুইআটি থানার IC-এর নম্বর, জরুরি পরিষেবার নম্বর এবং বিধাননগর কন্ট্রোল রুমের নম্বর। এছাড়াও, প্রয়োজনীয় সমস্ত নথির কপি তাঁদের হাতে তুলে দেওয়া হয় এবং সেগুলি যথাযথভাবে স্বাক্ষর করিয়ে গ্রহণ করা হয়।

বিধান নগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের পরিস্থিতিতে যাতে এলাকার প্রতিটি মানুষ নিরাপদে থাকতে পারেন এবং কোনও সমস্যার ক্ষেত্রে দ্রুত সাহায্য পেতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসংযোগমূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।