আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতাদের প্রতি আগ্রহের মাপকাঠিতে গুগল সার্চ ট্রেন্ডিংয়ে দেশের অন্যান্য রাজনৈতিক নেতাদের তুলনায় অনেকাংশে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
গত এক সপ্তাহের তথ্য অনুযায়ী, বাংলার মধ্যে গুগল সার্চে অন্য সব প্রথম সারির নেতাকে পিছনে ফেলে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
গুগল ট্রেন্ডসের তথ্য বলছে, গত সপ্তাহে মমতা ব্যানার্জিকে নিয়ে সার্চ ইন্টারেস্টের গড় স্কোর ছিল ৩১। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্কোর ১৭, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৭ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাত্র ৩।
এই তথ্য একটি গ্রাফের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভোটের আগে মোদি এবং অমিত শাহ প্রায়ই বাংলায় আসছেন। সেখানে কত মানুষ তাঁদের কর্মসূচির দিকে নজর রাখছেন এবং কত মানুষ তাঁদের নিয়ে আগ্রহী তা এই গুগল ট্রেন্ডসের পরিসংখ্যানেই অনেকটা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহল।
গ্রাফের মাধ্যমে প্রকাশিত তথ্যে, গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গে তৃণমূল সুপ্রিমো সহ চার হেভিওয়েট রাজনৈতিক নেতাকে ঘিরে মানুষের গুগল সার্চের প্রবণতা দেখানো হয়েছে। সেই গ্রাফে স্পষ্ট দেখা গিয়েছে, আমজনতার মনে আগ্রহের নিরিখে মমতা ব্যানার্জি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে।
শুধু গড় নয়, গুগলে সর্বোচ্চ সার্চিংয়ের ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন মমতা। গত ১৭ এপ্রিল তাঁর সার্চের স্কোর সর্বোচ্চ ১০০-তে পৌঁছয়। তুলনায়, নরেন্দ্র মোদির সর্বোচ্চ স্কোর প্রায় ৪০, অমিত শাহের প্রায় ৩৫ এবং শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে তা দশের ওপরেই ওঠেনি।
পরিসংখ্যান অনুযায়ী, মমতা ব্যানার্জিকে নিয়ে সার্চ ট্রেন্ড দেশের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনায় প্রায় দ্বিগুণ, অমিত শাহের তুলনায় চার গুণেরও বেশি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তুলনায় ১০ গুণেরও বেশি।
ফলে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে যে এখনও মমতাই রয়েছেন তা এই তথ্য থেকেই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।















