আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৩ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার নির্বাচন। ওইদিন ভোট রয়েছে পূর্ব মেদিনীপুরেও। আর নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে দিঘা, তাজপুর, মন্দারমনিতে থাকা পর্যটকদের বড় নির্দেশ দিল কমিশন।
জানানো হয়েছে, আজ বিকেল ৫টার মধ্যে পর্যটকদের এলাকা ছাড়তে হবে। দিঘা, তাজপুর, মন্দারমনি সব এলাকাই রামনগর বিধানসভার অন্তর্গত। শুধুমাত্র ওই এলাকার ভোটাররা ছাড়া কাউকেই থাকার অনুমতি দেওয়া হচ্ছে না আপাতত।
কমিশনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ভোটের দিন অর্থাৎ ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সমস্ত এলাকায় ভিন জেলার বাসিন্দাদের হোটেলে থাকার অনুমতি দেওয়া হবে না।
একইসঙ্গে কোনও রাজনৈতিক দলের প্রচারকও সেখানে থাকতে পারবেন না। একই নিয়ম জারি করা হয়েছে ওড়িশা-বালাসোর সীমান্তেও। যাঁরা ওড়িশার বাসিন্দা তাঁদের আপাতত দিঘায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যাঁরা বর্তমানে সেখান রয়েছেন তাঁদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিঘা এবং শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের সদস্য বিপ্রদাস চক্রবর্তী বলেন, 'কমিশন থেকে নির্দেশ এসেছে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে এই জেলার ভোটাররা ছাড়া কেউ এখানে থাকতে পারবেন না। ফলে, অন্য জেলা বা রাজ্য থেকে যে পর্যটকরা এসেছেন তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হোটেল ছাড়তে। আমরা সোমবার রাত থেকেই মাইকিং করে জানিয়েছি সবাইকে। এই মাইকিং দিঘা, তাজপুর, মন্দারমনি সব জায়গাতেই শুরু করে দিয়েছি আমরা।'
কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বাইরের কোনও রাজনৈতিক নেতা বা কর্মী দিঘা-সহ আশপাশের জনপ্রিয় পর্যটনকেন্দ্রে থাকতে পারবেন না।
প্রথম দফার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। সেই অনুযায়ী হোটেল ও গেস্ট হাউস কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছে, ২১ এপ্রিল বিকেল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কোনও বহিরাগত অতিথিকে রাখা হবে না।
কমিশনের নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিয়ম ভাঙলে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ২২৩ নম্বর ধারায় শাস্তির মুখে পড়তে হতে পারে।
















