আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে প্রথম দফা নির্বাচন হবে ২৩ এপ্রিল বৃহস্পতিবার। তার ঠিক দু’দিন আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের যে ১৫২ আসনে ভোট হবে তার মধ্যে নন্দীগ্রামও রয়েছে। নতুন পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে অখিলেশ সিংকে।
প্রসঙ্গত, নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক হিসাবে হিতেশ চৌধুরিকে নিয়োগ করেছিল কমিশন। কিন্তু কমিশনই তাঁকে সরিয়ে নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল। কিন্তু কেন এই বদল তা এখনও স্পষ্ট নয়। তবে কমিশন জানিয়েছে, অবিলম্বে বদলির নির্দেশ কার্যকর করতে হবে। নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব নিতে হবে অখিলেশকে।
তবে সূত্রের খবর, ভোটের সময় ওই কেন্দ্রের আইনশৃঙ্খলা আরও জোরদার করতে ও নজরদারি বাড়াতেই এই সিদ্ধান্ত। অবশ্য কমিশনের তরফে বদলির কোনও কারণ জানানো হয়নি।
এটা ঘটনা, গতবার নন্দীগ্রামে জিতেছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। হারিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারও নন্দীগ্রাম থেকে লড়ছেন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে পবিত্র করকে। প্রসঙ্গত, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে বয়াল গ্রাম পঞ্চায়েতের ভোটে জিতে পঞ্চায়েত সদস্য হয়েছিলেন তিনি। কিন্তু গত ১৭ মার্চ তিনি তৃণমূলে যোগ দেন। সেই দিনই নন্দীগ্রামে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করে তৃণমূল।















