আজকাল ওয়েবডেস্ক: স্বমহিমায় ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রতিদিনের মতো মর্নিং ওয়াক সেরে ফের একবার তৃণমূলকে কটাক্ষের তিরে বিদ্ধ করলেন। তিনি বলেন, ‘দুদিনের মধ্যে ওনার ক্ষমতার নেশা কেটে যাবে। চুপচাপ কালীঘাট চলে যাবেন। পাবলিক ওনাকে তাড়িয়েছে। ওনার অবসর নেওয়ার বয়স হয়ে গেছে। উনি কোর্টের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পাবলিকের বিরুদ্ধে। উনি কাউকে বিশ্বাস করেননি। এখন পাবলিক ম্যান্ডেট কে বিশ্বাস করছেন না।’
এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, ‘উনি শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিল আমি হারিনি। হারতে পারিনা। ওনার এখন সেই অবস্থা। নাম নিয়ে জল্পনা করতে দিন। চূড়ান্ত নাম ঘোষণার আগে আপনার নামটাও ঢুকিয়ে দিন।’
রাজ্যে ভোট পরবর্তী অশান্তির খবর প্রসঙ্গে তিনি বলেন, ‘ন্যাজাটে হয়েছে। খড়গপুরে হয়নি। তৃণমূল তৃণমূলকে মেরে বিজেপির নামে দোষ দিচ্ছে। ১৫ বছর আমরা অত্যাচার সহ্য করেছি। জনরোষ কাকে বলে দেখে নিন এবার। আমরা বলেছি কোনও হিংসা নয়। কুণাল ঘোষ কথায় কথায় বলত এটা জনরোষ। ওটা জনরোষ। আমরা জনরোষ দেখাবো? দেখালে গায়ে কাপড় থাকবে না। গায়ের চামড়া থাকবে না। এখনও কর্মীদের বলছি ছুঁচো মেরোনা। পারলে বাঘ সিংহ মারো। দিলীপ ঘোষের মতো।’
এদিন স্থানীয় ইকো পার্ক থানায় যান দিলীপ ঘোষ। সেখানে গিয়ে তিনি পুলিসকে মিষ্টিমুখ করিয়ে সাহস যোগালেন। এরপর তিনি তাদের বলেন, ‘পুলিশকে বললাম, বাংলার মানুষ আপনাদের এখনও ভালোবাসেন। ভরসা করেন। আপনারা আপনাদের মতো করে কাজ করুন। ডিউটির মতো ডিউটি করুন।’
&t=136s
প্রসঙ্গত, রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। তারা এবার দুশোর বেশি আসন জিতেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্রেই জয়ী হয়েছেন। তিনি ভবানীপুরে মমতা ব্যানার্জিকেও হারিয়েছেন। এবার সকলের নজর শনিবারের দিকে। সেদিনই শপথ নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় বেশ কয়েকটি নাম থাকলেও এগিয়ে রয়েছেন সেই শুভেন্দু অধিকারী।















