আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফার নির্বাচনের আগে পর্যটকদের দিঘায় থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। কিন্তু একবার ভোট মিটতেই ভ্রমণ পিপাসু বাঙালিকে আর পায় কে?

শুধু সাধারণ মানুষই নয় দিঘায় পাড়ি দিয়েছেন নেতা-নেত্রীরাও। প্রথম দফার নির্বাচনের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন তাঁরা ফল ঘোষণার আগে কয়েকদিন জিরিয়ে নিতে দিঘায় গিয়েছেন।

ভোটের নিষেধাজ্ঞা উঠতেই জমজমাট হয়ে উঠেছে দিঘা। পরিসংখ্যান বলছে, সপ্তাহান্তে প্রায় ৫০ হাজার পর্যটক দিঘায় হোটেল বুকিং করেছেন।

ইতিমধ্যেই, পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে দিঘা, তাজপুর ও মন্দারমনিতে। হোটেল কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার পর্যটকের বুকিং হয়ে গেছে।

উল্লেখ্য, গত ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। 

জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতেও সেই নির্দেশ কার্যকর ছিল। বিশেষ করে সমস্ত দলের নেতা-নেত্রীদের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু এবার ভোটের ক্লান্তি থেকে কিছুটা জিরিয়ে নিতে দিঘায় রওনা দিয়েছেন নেতা-নেত্রীদের দল।

সিপিএম নেতা ঝাড়েশ্বর বেরা জানান, তিনি কর্মীদের নিয়ে ক্লান্তি দূর করতে দু’দিনের জন্য দিঘায় এসেছেন। পূর্ব মেদিনীপুর জেলার দইসাইতে বাড়ি তাদের।

তৃণমূল নেতা সুরজিৎ নায়ক বলেন, ‘আমিও দিনের দিন ফিরে যাব। কাঁথিতেই আমার বাড়ি।’ বিজেপি নেতা তাপস দোলুই বলেন, ‘ভোটের ক্লান্তি জিরিয়ে নিতে কয়েকজন কর্মীকে নিয়ে দিঘায় পিকনিক করব। আমিও দিনের দিন ফিরে যাব।’

যদিও আগে থেকে আসা পর্যটকদের ক্ষেত্রে সেই নিয়মের ক্ষেত্রে বেশ কিছুটা ছাড় ছিল। শুধু ভোটের দিন দিঘার বাইরে পর্যটকেরা অন্যত্র যাতে না যান সেই পরামর্শও দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে।

কিন্তু এখন সমস্ত বিধিনিষেধ উঠে যাওয়ায় ফের পর্যটকদের ঢল নেমেছে দিঘায়। আবার, আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় সতর্ক রয়েছে প্রশাসন ও হোটেল কর্তৃপক্ষ।

বুকিংয়ের সময় পর্যটকদের সবাইকে তৎপর করে দেওয়া হচ্ছে। অন্যদিকে, জগন্নাথ ধাম কমিটির কর্ণধার রাধারমন দাস জানিয়েছেন, মন্দির পুরনো নিয়ম মেনেই খোলা থাকবে। এক্ষেত্রে কোনও বিধি-নিষেধ নেই।

পর্যটকেরা পুরনো নিয়মেই যাতায়াত করতে পারবেন। প্রসাদ গ্রহণের সময়সীমা এবং নিয়মেও কোনও পরিবর্তন হচ্ছে না। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বিপ্রদাস চক্রবর্তী জানান, ‘পর্যটকদের জন্য বর্তমানে কোনও বিধিনিষেধ নেই। তবে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরতে বলা হয়েছে। আগামীকাল থেকে পর্যটকদের সমুদ্রস্নানের ক্ষেত্রে কোমর জলের বেশি নামতে বারণ করা হয়েছে।’

দিঘা পুলিশ প্রশাসনের পক্ষে দীঘা কোস্টাল থানার ওসি দীপক চক্রবর্তী জানান, ‘আপাতত পর্যটকদের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা নেই। পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’