আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘিরে সকাল থেকেই চিত্র একেবারে আলাদা। মোট ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার ভোর থেকেই ভোটারদের মধ্যে দেখা গেছে উৎসাহ। এদিন সকাল থেকেই ডায়মন্ড হারবার বিধানসভার ২৪৩ নম্বর বুথ, রায়নগর প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষকে।

তীব্র গরম উপেক্ষা করেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে পিছপা হননি ভোটাররা। ভিড় বাড়ার আগে যাতে ভোট দেওয়া যায় সে কারণে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়েন অনেকেই। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বুথ চত্বরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুধু বুথের মধ্যেই নয়, আশপাশের অলিগলিতেও টহল দিচ্ছেন পুলিশকর্মীরা, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নিরাপত্তার এই কড়াকড়ি সাধারণ ভোটারদের মধ্যে আস্থা বাড়িয়েছে বলেই মত অনেকের। তবে সকাল গড়াতেই কিছুটা সমস্যার মুখেও পড়তে হয় ভোটারদের।

রায়নগর এলাকার ২৪৩ নম্বর বুথে ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে ভোটগ্রহণ কিছুক্ষণ বন্ধ ছিল। ফলে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে কিছুটা ক্ষোভ তৈরি হয়।

নির্বাচন কর্তৃপক্ষ দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা শুরু করে এবং প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে মেশিন ঠিক করে। তবে তীব্র গরমের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে বয়স্ক ভোটার ও মহিলারা সমস্যায় পড়েছেন।

অনেকেই জল, ছাতা নিয়ে এলেও গরমের কারণে সমস্যা দেখা দেয়। কিছু প্রযুক্তিগত বিঘ্ন সত্ত্বেও পুনর্নির্বাচন ঘিরে ভোটারদের উৎসাহ চোখে পড়ার মত।

প্রশাসনের তরফে নিরাপত্তা ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করার চেষ্টা জোরদার রয়েছে। এখন দেখার, দিনের শেষে কত শতাংশ ভোট পড়ে এবং এই পুনর্নির্বাচনের ফলাফল রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে।