আজকাল ওয়েবডেস্ক: বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘সবাই ভাল থাকবেন। বাংলার একটা ঐতিহ্য এবং গরিমা আছে। এটা আমাদের বাংলার নববর্ষ। অনেক রাজ্যেও নববর্ষ আছে। বাংলা সমস্ত আন্দোলনের পীঠস্থান। সকল ধর্ম-বর্ণ-জাতি সকলেই ভাল থাকুন।’
তিনি আরও বলেন, ‘রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরও ১০৫ টি সামাজিক প্রকল্প করেছে। আগামীদিনে যাতে সমস্ত মানুষ ভাল থাকে সেটা দেখাই প্রধান টার্গেট। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। সমস্ত এজেন্সি দিয়ে বাংলার ওপর জুলুম-অত্যাচার করছে। ভোটে যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে অনেকের নাম তুলতে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে।’
এদিন ফের একবার তিনি এসআইআর নিয়েও সরব হন। তিনি বলেন, ‘যারা এসআইআরের জন্য মারা গিয়েছেন তাদের জন্য মন কাঁদছে। একটা পরিবারের চারজন ভোট দেবে আর একজন দেবে না সেটা মেনে নেওয়া যায় না। কোনও চমকানি নয়। নতুন ভোর আসুক। শান্তির বার্তা নিয়ে আসুক। গণতন্ত্রের পীঠস্থান হল নির্বাচন। এটা মানুষের উৎসব।’
প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোটের আগে যাদবপুর থেকে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী, গন্তব্য গড়িয়াহাট। প্রথম দফার ভোট শেষ ২৩ এপ্রিল। আগামী ২৪ এপ্রিল তৃণমূল সুপ্রিমো কলকাতার রাজপথে হাঁটবেন।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ২৪ এপ্রিলের পদযাত্রায় মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন দলের সব শীর্ষ নেতৃত্বরা। থাকার কথা কলকাতার বিভিন্ন কেন্দ্রের দলীয় প্রার্থীদেরও।
রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রতিদিনই প্রায় তিনটি করে সভা করছেন মমতা। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নিয়ম করে নিশানা করছেন নির্বাচন কমিশন ও বিজেপিকে। বাংলার ভোটার তালিকা সংশোধনে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিবেচনাধীন থাকার পরও বাদ পড়েছেন ২৭ লক্ষ ভোটার। তাঁরা আর আসন্ন বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন না। যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে মামলা করে এদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন খোদ নেত্রী।
সূত্রের খবর, ভোটের জন্য প্রচারের সঙ্গেই ২৪ এপ্রিলের পদযাত্রায় এসআইআর বিষয়টিও তুলে ধরে কেন্দ্র ও কমিশনের প্রতিবাদ করবেন তৃণমূল সুপ্রিমো।















