আজকাল ওয়েবডেস্ক: জাতীয় নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। কোন যুক্তিতে সরকারি কলেজের অধ্যাপক এবং শিক্ষকদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দিয়েছে কমিশন তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। কমিশনের উত্তরে সন্তুষ্ট হয়নি আদালত। হাই কোর্টের পর্যবেক্ষণ, পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী কমিসন কোনও ‘অনিবার্য পরিস্থিতি’ উল্লেখ না করেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করেছে। আদালত পরে এই নিয়োগ বাতিল করে দিয়েছে। 

শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। কলেজের শিক্ষকদের প্রতিনিধিত্বকারী একটি সমিতির দায়ের করা রিট পিটিশন মঞ্জুর করার সময় বিচারপতি বলেন, “কমিশন নিজেই তার ২০১০ সালে ১৬-১৭ তারিখের সার্কুলার লঙ্ঘন করছে। ওই সার্কুলারে বলা হয়েছিল যে, জেলা নির্বাচন আধিকারিক লিখিতভাবে নির্দিষ্ট কারণ উল্লেখ না করলে, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-সহ গ্রুপ ‘এ’ সমতুল্য ঊর্ধ্বতন আধিকারিকদের সাধারণত ভোটকেন্দ্রের ভিতরে ভোটগ্রহণের দায়িত্বে নিযুক্ত করা যাবে না।”

প্রিসাইডিং অফিসার হিসেবে কলেজ শিক্ষকদের নিয়োগ বাতিল করে আদলতের পর্যবেক্ষণ, “কমিশন এমন কোনও নথি পেশ করতে পারেনি যা থেকে বোঝা যায় যে কমিশন তার ভিত্তিতে আবেদনকারীদেরকে ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।”

শুনানির সময়, কমিশনের আইনজীবী জানান যে, ২০২৩ সালের ৭ জুন জারি করা একটি সার্কুলার পূর্বের নির্দেশিকাকে বাতিল করে দেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্বে নিয়োগের জন্য বেতন স্কেল, পদমর্যাদা ও মর্যাদার উপর ভিত্তি করে একটি বৃহত্তর কাঠামো চালু করেছে।

তবে, আইনজীবির যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি রাও। কমিশনের আইনজীবির যুক্তি প্রত্যাখ্যান করে তিনি বলেন, “আদালত দেখতে পাচ্ছে যে ২০২৩ সালের ৭ জুনের সার্কুলারে ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারির সার্কুলারের কোনও উল্লেখ নেই। সুতরাং, এটা বলা যায় না যে ২০১০ সালের ১৭ই ফেব্রুয়ারির সার্কুলারটি বাতিল হয়ে গিয়েছে।”

এরপরেই আদালত জানিয়ে দেয় কলেজের শিক্ষকদের জন্য আগের যে ব্যবস্থা কার্যকর ছিল, তাই থাকবে। আদালত আরও উল্লেখ করে যে, গত ১৩ এপ্রিল যখন মামলাটির শুনানি হয় তখন কমিশনের আইনজীবি কারণ দর্শানোর জন্য সময় চেয়েছিলেন। ১৬ এপ্রিল মামলাটির শুনানির সময়ও কোনও নথি দাখিল করা হয়নি। ‘একাধিক সুযোগ’ দেওয়া সত্ত্বেও নথি পেশ করতে ব্যর্থ কমিশন।

আবেদনকারীদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ বাতিল করার সময় আদালত স্পষ্ট করে দিয়েছে, যে সকল শিক্ষক ইতিমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং এখনও এই দায়িত্ব পালনে ইচ্ছুক, তাঁরা তাঁদের পদে বহাল থাকতে পারবেন।