আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টি। বুধবার (২৫ মার্চ) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য ১৯ জন প্রার্থীর তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের স্বাক্ষরিত এই তালিকায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
এবারের তালিকায় বিশেষ চমক হুগলি ও মেদিনীপুর জোনে। হুগলির হাই-ভোল্টেজ কেন্দ্র সিঙ্গুরে বিজেপির বাজি ডঃ অরূপ কুমার দাস। চন্দননগর ও চুঁচুড়া আসনে লড়ছেন যথাক্রমে দীপাঞ্জন কুমার গুহ ও সুবীর নাগ। মেদিনীপুর সদর আসনেও একজন পেশাদার মুখকে সামনে এনেছে দল, সেখানে প্রার্থী করা হয়েছে ডঃ শঙ্কর গুচ্ছাইতকে। এছাড়া পাশের জেলা পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে লড়বেন ডঃ হরেকৃষ্ণ বেরা।
উত্তরবঙ্গের কোচবিহার দক্ষিণ আসনে রথীন্দ্র নাথ বোস এবং রাজগঞ্জে (তফসিলি জাতি) দিনেশ সরকারের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। ইসলামপুরে চিত্রজিৎ রায় এবং মালদার ইংলিশ বাজারে অমলান ভাদুরিকে প্রার্থী করা হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পানিহাটিতে রত্না দেবনাথ, হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল এবং উত্তরপাড়ায় দীপাঞ্জন চক্রবর্তী পদ্ম চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নদিয়ার শান্তিপুরে স্বপন দাস এবং বীরভূমের সাঁইথিয়া ও নলহাটি আসনে যথাক্রমে কৃষ্ণ কান্ত সাহা ও অনিল সিংয়ের ওপর ভরসা রেখেছে বিজেপি। কাটোয়া ও পূর্বস্থলী দক্ষিণ আসনে লড়বেন কৃষ্ণ ঘোষ ও প্রাণকৃষ্ণ তপদার। রাজনৈতিক মহলের মতে, এই তালিকায় চিকিৎসক ও অভিজ্ঞ লড়াকু কর্মীদের প্রাধান্য দিয়ে বিজেপি শাসক শিবিরকে কড়া টক্কর দেওয়ার বার্তা দিল।
