আজকাল ওয়েবডেস্ক: ভোট গণনার পর রাজ্যে একের পর এক অশান্তির খবর৷ এবার ভাতারে অশান্তি রুখতে নিজেই ময়দানে বিজেপির জয়ী প্রার্থী সৌমেন কার্ফা। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির আবহে পূর্ব বর্ধমানের ভাতারে দেখা গেল ভিন্ন ছবি। নির্বাচনে জয়ের পর এলাকায় উত্তেজনা ছড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেই ময়দানে নামলেন বিজেপির জয়ী প্রার্থী সৌমেন কার্ফা।
ভাতারে কোথাও তৃণমূলের দলীয় কার্যালয় দখল করে নেওয়ার চেষ্টা, আবার কোথাও বিজেপির পতাকা টাঙানো নিয়ে উত্তেজনা। এমন পরিস্থিতির মাঝেই নিজে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দেন সৌমেন কার্ফা। এমনকী নিজের নির্বাচনী এলাকায় প্রচার গাড়িতে মাইকিং করেও অশান্তি এড়ানোর আবেদন জানান তিনি।
উল্লেখ্য, ভাতার বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ারকে ৬,৫২৮ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন সৌমেন কার্ফা। জয়ের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়াতে শুরু করে বিক্ষিপ্ত উত্তেজনা, যা নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেন নবনির্বাচিত বিধায়ক।
এই প্রসঙ্গে সৌমেন কার্ফা বলেন, ২০১১ সালে বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু সরকার বদলালেও অরাজকতার কোনও পরিবর্তন হয়নি। সিপিএমের পথেই হেঁটেছে তৃণমূল। বিজেপি সেই পথে হাঁটবে না, আমরা বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।
তিনি আরও বলেন, "যাঁরা অতি উৎসাহী হয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তাঁদের সতর্ক করছি। এর পরও কেউ যদি এ ধরনের কাজে যুক্ত থাকেন, তাহলে দলের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে।" বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।















