আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিনই বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জানা গিয়েছে, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে দিল্লির মন্দির মার্গ সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, আইপিএস অজয় পাল শর্মার কিছু ভিডিও পোস্ট করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছেন তিনি। দাবি করা হয়েছে, বিভ্রান্তি তৈরি করা এবং নির্বাচনের মধ্যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন তিনি।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ‘ভুয়ো এআই-তৈরি ভিডিও’ ছড়িয়ে দেওয়া হয়েছে।লিখিত অভিযোগ অনুযায়ী, ভাইরাল হওয়া ওই ভিডিওর মাধ্যমে আইপিএস অফিসার অজয় পাল শর্মার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।
দ্বিতীয় দফার ভোটের আগে পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে তাঁকে। অভিযোগে আরও বলা হয়েছে, ভিডিওটিকে বিকৃত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকতে পারে।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, ভোটের মতো স্পর্শকাতর সময়ে ভোটারদের বিভ্রান্ত করা, ভুয়ো তথ্য ছড়ানো এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর লক্ষ্যেই এই ভিডিওটি ছড়ানো হয়েছে।
















