আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। আগামী সোমবার ৪ঠা মে ভোট গণনা। ফলাফল কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় আসবে নাকি পদ্মফুল ফুটবে? সেই চর্চা চলছে চায়ের দোকান থেকে বিভিন্ন জায়গায়। এখন অপেক্ষা ফলাফলের। ফলাফলের পর ২৯৪ টি বিধানসভার মধ্যে যে রাজনৈতিক দল এর প্রার্থী জিতবে সেই রাজনৈতিক দলের নেতা থেকে কর্মী সমর্থকরা আবির খেলায় মেতে উঠবে। অর্থাৎ শুরু হবে বিজয় উৎসব। ভোটপর্ব শেষ হতেই কলকাতা থেকে জেলার দোকানে দোকানে বিক্রি হতে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মানানসই সবুজ, গেরুয়া এবং লাল আবির। রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের পছন্দের আবির আগে থেকেই মজুত করতে শুরু করেছেন। চাহিদা বাড়তে দেখে সবুজ, গেরুয়া ও লাল আবিরের মজুত বাড়িয়েছেন ব্যবসায়ীরাও।
প্রথম দফা নির্বাচনের পর থেকেই আবির বিক্রি হওয়া শুরু হয়েছে বলে জানান বড়বাজারের ব্যবসায়ীরা। যদিও প্রথম দফার নির্বাচনের পর গেরুয়া আবিরের চাহিদা বেশি ছিল। কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনের পর সবুজ আবিরের চাহিদা বেড়েছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ভোট গণনার দিন যত এগিয়ে আসছে তত সবুজ আবিরের চাহিদায় বাড়ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। সমীরন পাল নামে এক পাইকারী ব্যবসায়ী জানিয়েছেন, প্রথম দফা নির্বাচনের পর বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা গেরুয়া আবির নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনের পর থেকে কিছুটা সবুজ আবিরের চাহিদা বেড়েছে। বিশেষ করে শনিবার সকাল থেকে অনেক রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা সবুজ আবির কেনার জন্য ভিড় জমাচ্ছেন। শনিবার সকাল থেকেই এত চাহিদা বেড়েছে সবুজ আবিরের অনেক সময় যোগান দিতেও পারছেন না। ২০২১ এর বিধানসভা নির্বাচনে সেভাবে লাল আবির বিক্রি হয়নি এবার কেউ কেউ কিনছেন লাল আবির কিন্তু সংখ্যাটা অনেক কম। তিনি জানিয়েছেন সবুজ আবির ও গেরুয়া আবিরের চাহিদা যেভাবে হঠাৎ করে বেড়েছে প্রস্তুত ছিলেন না আগে থেকে তাই অনেক আবির ফিরেও যাচ্ছেন। সন্দীপ পাল নামে আর এক ব্যবসায়ী তিনিও একই কথা জানিয়েছেন প্রথম দফা নির্বাচনের পর গেরুয়া রং এর চাহিদা বেশি ছিল দ্বিতীয় দফা নির্বাচনের পর সবুজ আবিরের চাহিদা অনেকটা বেড়েছে।
গেরুয়া ও সবুজ আবিরের কেনার ভিড়ে লাল আবির কিনতে আসেন মধ্যমগ্রাম বিধানসভার প্রভাত নামে এক ক্রেতা। তিনি লাল আবির কিনতে আসেন। তিনি জানিয়েছেন এবার খাতা খুলতে পারে বামেরা সেই আশা করছি। তাই কিনে রাখছি আবির যদি জয়লাভ হয়। মহেশতলা বিধানসভার অন্য আরেক ব্যবসায়ী তিনি জানিয়েছেন সবুজ আবিরের চাহিদা বেশি। হাওড়া থেকেও অনেক রাজনৈতিক কর্মী সমর্থকরা তারা এসেছেন কেউও সবুজ আবির কিনছেন কেউ আবার গেরুয়া আবির কিনছেন। শহর কলকাতার বেলেঘাটা মানিকতলা বিধানসভার তৃণমূল কর্মী সমর্থকদের ভিডিও দেখা গেল এ দিন বড় বাজারের বিভিন্ন দোকানে আবির কিনতে। অন্যদিকে আবার যাদবপুর বিধানসভার এক বিজেপি কর্মী গৌরব পাত্র গেরুয়া আবির কেনেন। তিনি জানান প্রস্তুতি নিয়ে রাখছি। যাদবপুরে না হলেও আগামী বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসবে বলে তিনি জানান এবং পদ্মফুল ফুটবে বলে আশা করছেন বলে জানিয়েছেন। ফলে এবার গেরুয়া ও সবুজ দুই আবির কেনার চাহিদা তুঙ্গে।















