আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া এলাকার ১১৬ নম্বর বুথে সাধারণ ভোটারদের লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, ওই বুথে আচমকাই মহিলাদের ওপর লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী।
জটলার মধ্যে আহত হয় এক শিশুও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই বুথের সামনে ছিল উপচে পড়া ভিড়। ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন বহু মানুষ।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে, ফলে পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল হয়ে ওঠে। অভিযোগ, এই পরিস্থিতিতে আচমকাই লাঠিচার্জ শুরু করে কেন্দ্রীয় বাহিনী।
সেই সময় লাইনে দাঁড়িয়ে থাকা এক নাবালক আহত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতেই ওই শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পরেই দ্রুত ওই নাবালকের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের অভিযোগ, ভোট দিতে আসা সাধারণ মানুষের ওপর এভাবে বলপ্রয়োগ করা একেবারেই গ্রহণযোগ্য নয়। আহত নাবালকের পরিবারের সদস্যরাও ক্ষোভ উগরে দিয়েছেন।
তাঁদের দাবি, বিনা কারণে সাধারণ ভোটারদের উপর লাঠিচার্জ করা হয়েছে। ভিড় থাকলেও তা সামলানোর জন্য আরও মানবিক উপায় অবলম্বন করা যেত। পরিবারের অভিযোগ, ভোটের দিনে নিরাপত্তা দেওয়ার বদলে ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে।
তবে কেন্দ্রীয় বাহিনীর তরফে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, বুথের সামনে অতিরিক্ত ভিড় জমে যাওয়ায় ভোটগ্রহণে সমস্যা হচ্ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তাঁরা ভিড় সরানোর চেষ্টা করেন। সেই সময় হুড়োহুড়ির মধ্যে ওই নাবালক আহত হয়ে থাকতে পারে। ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা হয়নি বলেও দাবি করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা আরও বাড়তে থাকলে দ্রুত সেখানে পৌঁছন স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।
কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হলেও পরে আবার তা স্বাভাবিকভাবে শুরু হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শাসকদল এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।
নির্বাচন কমিশনের তরফেও ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রের খবর। কমিশন গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
বিশেষ করে একটি নাবালকের আহত হওয়ার বিষয়টি কমিশন গুরুত্ব সহকারে দেখছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই, এক্স হ্যান্ডেলে পোস্ট করে নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে আক্রমণ করেন তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ।
তিনি পোস্টে লিখেছেন, ‘বাংলার নাগরিকদের ওপর অকল্পনীয় অত্যাচার। মহিলাদের ওপর লাঠিচার্জের পর এবার এক শিশুও কেন্দ্রীয় বাহিনীর হাতে আহত হল। এর জন্য দায়ী পুলিশের এই ‘সিংঘম’-সুলভ আচরণ।
















