আজকাল ওয়েবডেস্ক: বঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে হঠাৎই চর্চায় উত্তর প্রদেশের 'সিংঘম' অফিসার অজয় পাল শর্মা। দক্ষিণ ২৪ পরগনায় যাতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়, তার দায়িত্ব দেওয়া হয়েছে 'সিংঘম' অফিসারকে।
ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এর মধ্যেই দাবাং অফিসারের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্বল্পবাসনা লাস্যময়ীর সঙ্গ উপভোগ করছেন এই 'দাবাং' অফিসার।
ভিডিওতে আরও দেখা গিয়েছে, আলো আঁধারিতে মোড়া সেই ঘরে 'খলনায়ক' ছবির বিতর্কিত গান 'চোলি কে পিছে ক্যায়া হ্যায়'-এর তালে নাচছেন এক মহিলা। আর সেই গানের তালে তাল মেলাচ্ছেন অজয় পাল শর্মা।যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
মহুয়া মৈত্র সেই পোস্টে লিখেছেন, 'ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া, ফ্যান্টা কপ স্টাইলে আপনাকে আনন্দ করতে দেখে ভাল লাগছে। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। বাংলা সবসময়ে তৃণমূলেরই থাকবে।'
মহুয়ার পাশে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন ডিআইজিকে আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। উল্লেখ্য, সম্প্রতি আরও এক ভিডিও ভাইরাল হয়েছে অজয় পাল শর্মার।
সেখানে দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে সরাসরি তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন এই আইপিএস। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
যোগীরাজ্য়ের 'এনকাউন্টার স্পেশালিস্ট'-কে বলতে শোনা গিয়েছে, 'সবাই কান খুলে শুনে রাখুন, কোনও বদমাইশি করলে এমন চিকিৎসা করব না, এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে।'
তাঁকে বলতে শোনা যায়, 'ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। এমন অবস্থা করব যে পরে কান্নাকাটি করেও লাভ হবে না।'
তাঁর এই হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল। উত্তরপ্রদেশের এই আইপিএস অফিসারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনে রাজ্যের শাসক দল। তার মধ্যে ছিল টাকার বিনিময়ে পোস্টিং, বিয়ের নামে প্রতারণা।















