দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া কমিশন, ভিনরাজ্য থেকে নিয়োগ করা হল আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক

Election Commission of India

আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও কড়া নির্বাচন কমিশন। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও ১১ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হল।

তাঁদের প্রত্যেককেই ভিনরাজ্য থেকে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, এই পর্যবেক্ষকদের নিরাপত্তার দায়িত্ব থাকবে রাজ্য পুলিশের হাতেই। ১১ জনের মধ্যে তিনজনকে পোস্টিং করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।

প্রথম দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হলেও কিছু বিধানসভায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। দ্বিতীয় দফার ভোটে নিরাপত্তার ক্ষেত্রে সেটুকু খামতিও রাখতে চাইছে না কমিশন। সে কারণে আরও আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, অবিলম্বে সাসপেন্ড করা হতে পারে পাঁচজন পুলিশ আধিকারিককে। তালিকায় রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসুম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্থি থানার ওসি শুভেচ্ছা বাগ।

অভিযোগ, দায়িত্ব পালনের সময় তাঁরা নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালের বিরুদ্ধেও ওয়ার্নিং জারি করা হয়েছে কমিশনের নির্দেশিকায়।