মিল্টন সেন, হুগলি: পশ্চিমবঙ্গে এই প্রথম নিজেদের নামের প্রতি সুবিচার করল বিজেপি শিবির। নির্বাচনের ফল ঘোষণার ট্রেন্ডিংয়ের পরই রাজ্যে দেখা যায় বিজেপির ঝড়। একের পর এক আসনে বিজেপি নিজের দাপট দেখাতে শুরু করে। উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই গেরুয়া দাপট দেখা যায়।


সোমবার বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সৌজন্য দেখালেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। তিনি বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফিতে পোজ দিলেন। এদিন বিজেপির প্রার্থীদের দিকে দিকে এগিয়ে থাকার খবরে উল্লাস দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। চুঁচুড়ায় পিপুল পাতির মোড়ে এসে উপস্থিত হন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। তার সঙ্গে বিজেপি কর্মীরা সৌজন্য বিনিময় করেন। কর্মীদের সঙ্গে সেলফি তোলেন তৃনমূল সাংসদ রচনা।


এরপর তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি বলেন, তিনি সাংসদ হিসেবে সবার সঙ্গে কথা বলতেই পারেন। সবাই মানুষ তাই ছবি তোলায় আপত্তি নেই। আর জয় শ্রীরাম প্রসঙ্গে তিনি বলেন, রাম তো আমাদের ভগবান। পুজো করি। আমরা জয় বাংলা বলি। আমাদের ১৪ কোটি দেবতা।