আজকাল ওয়েবডেস্ক: ভোটের আবহে ভাঙড়ে তুমুল উত্তেজনা। কার্যত কণক্ষেত্র প্রাণগঞ্জ অঞ্চলের রঘুনাথপুর এলাকা। ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী এলাকায় পৌঁছাতেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, নওশাদ সিদ্দিকীকে এলাকায় দেখে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান ওঠে আইএসএফ সমর্থকদের তরফেও। দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ক্রমশ চড়তে থাকে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়।

পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। লাঠিচার্জের জেরে কিছুক্ষণের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের নেতাকে উদ্দেশ্য করেই উসকানি দেওয়া হয়েছিল। 

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বাইরে থেকে এসে অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। ভোটের দিনে ভাঙড়ের মতো স্পর্শকাতর এলাকায় এই ধরনের উত্তেজনা প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে। যদিও নিরাপত্তা বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে, যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।