আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফার ভোট মিটেছে মোটের উপর নির্বিঘ্নেই। তবে দ্বিতীয় দফার ভোটের আগে, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে রাজ্যের একাধিক এলাকা। এবার হামলা তৃণমূল কংগ্রেসের সাংসদের উপর। অভিযোগ তেমনটাই।

 

অভিযোগ মিতালী বাগের, অভিষেকের সভায় যোগ দিতে যাওয়ার আগে, তাঁর গাড়িতে হামলা চালানো হয়। তাঁর অভিযোগ সরাসরি গেরুয়া শিবিরের দিকে। এদিন ঘটনার বিবরণ ওই গাড়িতে বসেই দেন মিতালী, একটি ফেসবুক লাইভ করেন তিনি।

ফেসবুক লাইভে কী বলছেন মিতালী? জানিয়েছেন, অভিষেকের সভায় যাওয়ার আগে, গোঘাটের বিজেপি প্রার্থীর দলীয় কার্যালয়ের সামনে তাঁর গাড়ি দাঁড় করিয়ে এলোপাথাড়ি লাঠি চালানো হয়। গাড়ির কাচ ভেঙে গিয়েছে। গোটা ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলে, তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন নির্বাচন কমিশনের। 

ফেসবুক লাইভ করে ঘটনার বিবরণ দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। কমিশনকে একহাত নিয়ে বলেন, 'এইভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আটকানো যাবে না। নির্বাচন কমিশন জেনে রাখুন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হার মানব না।' 

 

ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সাংসদ সাগরিকা ঘোষ বলেন, 'অত্যন্ত দুঃখজনক, আমাদের সাংসদ মিতালী বাগের গাড়ি ভাঙচুর করেছে ভারতীয় জনতা পার্টির গুণ্ডারা।' গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন সাগরিকা, সঙ্গেই নরেন্দ্র মোদির উদ্দেশে প্রশ্ন করেছেন, বারবার নারীশক্তি নিয়ে কথা বলার পর, এই কি 'নারীশক্তির' উদাহরণ?

 

এই প্রসঙ্গে উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করেন আরামবাগে। ঠিক তার পরের দিনেই, এই ঘটনার অভিযোগ। শান্তনু সেন ঘটনা প্রসঙ্গে বলেন, 'প্রধানমন্ত্রী চলে আসার ২৪ ঘণ্টার মধ্যে, আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগের গাড়ি বিজেপির হার্মাদা ভেঙে চুরমার করে দিয়েছে, তাঁকে প্রাণে মারার চেষ্টা হয়েছে।' মিতালী ইস্যুতে গেরুয়া শিবিরের তফসিলি জাতির মানুষের উপরের আক্রমণের প্রসঙ্গ তুলে আনেন শান্তনু। তিনি বলেন, 'এই ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতির মানুষের বিরোধী, পিছিয়ে পড়া মানুষের বিরোধী এবং নারী বিরোধী।'