আজকাল ওয়েবডেস্ক: ভাষা দিবসে জল্পনা সত্যি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত থেকে পতাকা নিয়েছিলেন এক সময়ের বাম নেতা প্রতীক উর রহমান। তখন জল্পনা ছড়িয়েছিল, বিধানসভা ভোটের টিকিটের জন্যই তিনি গিয়েছেন তৃণমূল কংগ্রেসে। যদিও শুরু থেকেই প্রতীক উর বলেছিলেন, টিকিটের লোভে নয়, তাঁর দলত্যাগের মূল কারণ, নিজের পুরনো দলের প্রতি ক্ষোভ, বিরক্তি। মূলত তিতিবিরক্তির পরিবেশ থেকে মুক্তি পেতেই, তিনি দল ছেড়েছেন।
মঙ্গলবার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন খোদ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। ২৯৪ আসনের প্রার্থী তালিকায় নাম নেই সদ্য দল বদল করে আসা প্রতীক উর রহমান। এবার যেন, সুযোগ পেলেন, 'অপবাদ' খণ্ডানোর। আজকাল ডট ইন যোগাযোগ করলে, প্রতীক উর বলছেন, 'আমি টিকিটের জন্য আসিনি।' বলছেন, 'আমি তো রাজনীতিতে আনপ্রেডিক্টেবল হতে চেয়েছি।'
২১ ফেব্রুয়ারি, আমতলা দলীয় কার্যালয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। তারপরেই তৃণমূলের পতাকা হাতে নেন প্রতীক উর। সোশ্যাল মিডিয়ায় পর পর পোস্ট দিয়েছেন গত কয়েকদিনে। তাতে জল্পনা বেড়েছিল কয়েকগুণ। প্রতীক উরের পরাক্তন দল, বারবার বলেছিল, তিনি টিকিটের জন্যই গিয়েছেন তৃণমূলে। প্রতীক উর যদিও বারবার বলেছিলেন, তিনি মন দেবেন সংগঠনের কাজে। মন দেবেন, দলীয় নির্দেশ মেনে কাজ করতে। প্রার্থী তালিকা প্রকাশের পর, কার্যত দেখা গেল সেটাই।
