আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ থেকেই নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ময়নাগুড়ি থেকে ফের একবার বিজেপি এবং কমিশনকে একযোগে আক্রমণ করলেন তিনি।
এদিন ময়নাগুড়ি থেকে তিনি সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘মধ্যরাতে বিজেপির তাণ্ডব চলছে। কেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হল। ৭ দিন আগে বিচারকরা নিজেদের কাজ করে দিয়েছেন। তাহলে কেন তালিকা প্রকাশে এত দেরি? এখনও মানুষ জানতেই পারছে না তাদের নাম রয়েছে কিনা। সংবিধান, গণতন্ত্র মানছে না বিজেপি।’
এসআইআর নিয়েও এদিন তৃণমূল সুপ্রিমো ছিলেন সমান সরব। তিনি বলেন, ‘বিজেপি হিংসুটে দল। এসআইআর লাইনে দাঁড়িয়ে ২২০ জন মারা গিয়েছে। এসআইআর করে মহিলাদের নাম বাদ দিয়েছে বিজেপি। অনেক রাজবংশীকে এসআইআর লিস্ট থেকে বাদ দিয়েছে। এর দায় বিজেপিকে নিতে হবে।’
জ্বালানির জ্বালা নিয়েও মুখ্যমন্ত্রী একহাত নেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তিনি বলেন, ‘ফের পেট্রলের দাম বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে। ডবল সিলিন্ডার থাকলে ৩৫ দিনের আগে বুকিং নয়। বিজেপির গ্যাস বেলুনের গ্যাস বেরিয়ে গেছে। গ্যাস না থাকলে মানুষ খাবে কি? পশ্চিমবঙ্গ রাজ্য তুলে দিতে চায় বিজেপি। মানুষ খেতে পারবে না।’
এদিন তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, ‘যা বলেছি সেইমতো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে। বিনা পয়সায় রেশন রাজ্য সরকার দেয়। মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার চিরদিন চলবে। ৬০ বছর পার হলেও লক্ষ্মীর ভাণ্ডার চলবে। স্বাস্থ্যসাথীতে ৯ কোটি মানুষ উপকৃত।’
ইতিমধ্যেই রাজ্যে দু-দফায় নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সেইমতো বিভিন্ন রাজ্যনৈতিক দলগুলি প্রার্থীতালিকা প্রকাশ করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। রাজ্যের তৃণমূল কংগ্রেসও একবারেই তাদের সম্পূর্ণ প্রার্থীতালিকা প্রকাশ করেছে। রবিবার নিজের কেন্দ্রে কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠকও ইতিমধ্যে করে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এবার উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই প্রচারে ঝড় তোলার জন্য আসরে নেমেছেন তিনি।
মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। সেখান থেকে তিনিও তৃণমূলের পাঁচ প্রতিজ্ঞার কথা সকলের সামনে তুলে ধরেছেন। ফলে নির্বাচনী প্রচারে তৃণমূল যে কোনও খামতি রাখতে চায় না সেটা প্রথম থেকেই বিজেপিকে ঠারে ঠারে বুঝিয়ে দিতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী।
