আজকাল ওয়েবডেস্ক: অভিষেকের সভায় যাচ্ছিলেন। মাঝরাস্তায় হামলা তৃণমূল কংগ্রেস সাংসদের গাড়িতে। হাসপাতালে ভর্তি আরামবাগের মিতালী বাগ। মিতালীর অভিযোগের তীর বিজেপির দিকে। অভিষেক তাঁর সঙ্গে দেখা করেই সভা শুরু করেন। সভা থেকে তিনি যে বড় বার্তা দেবেন এই প্রসঙ্গে, স্পষ্ট ছিল তা। এদিন অভিষেক বললেন, 'খেলা যখন আজ ওরা শুরু করেছে মিতালীর উপর আক্রমণ করে, শেষটা আমি করব চার তারিখ, কথা দিলাম।'
অভিষেক বলেন, 'তাঁর শরীরের বিভিন্ন জায়গায় কাচের টুকরো ঢুকে, বিভিন্নভাবে হাতে, পায়ে কোমরে চোট লেগেছে।' এদিন অভিষেক বলেন, 'আজ সিপিএম-এর হার্মাদগুলো জামা পাল্টে, জার্সি পাল্টে, কাস্তে হাতুড়ি তারা ছেড়ে দিয়ে পদ্মফুলের আশ্রয়ে রয়েছে। সিপিএম-এর হার্মার বিজেপির জল্লাদ হয়েছে।'
অভিষেক বলেন, যারা ভাবছে মিতালীর উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না, ঠিক তার পরেই নিজের ফোন থেকে নাম পড়ে শোনান। জানান, অল্প সময়েই তিনি প্রাথমিকভাবে খোঁজ নিয়েছেন, কারা এই কাজ করেছে। সঙ্গেই বলেন, 'আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, পুরশুড়া হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম। কিন্তু উদারতায় পার পেয়ে গিয়েছিলেন, এবার আমি নিজে দায়িত্বে থাকব। চার তারিখ ১২টার পরে, কোন জল্লাদের কত ক্ষমতা, আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি চার তারিখ দেখব।'
এই প্রসঙ্গে উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করেন আরামবাগে। ঠিক তার পরের দিনেই, এই ঘটনার অভিযোগ। শান্তনু সেন ঘটনা প্রসঙ্গে বলেন, 'প্রধানমন্ত্রী চলে আসার ২৪ ঘণ্টার মধ্যে, আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগের গাড়ি বিজেপির হার্মাদা ভেঙে চুরমার করে দিয়েছে, তাঁকে প্রাণে মারার চেষ্টা হয়েছে।' মিতালী ইস্যুতে গেরুয়া শিবিরের তফসিলি জাতির মানুষের উপরের আক্রমণের প্রসঙ্গ তুলে আনেন শান্তনু। তিনি বলেন, 'এই ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতির মানুষের বিরোধী, পিছিয়ে পড়া মানুষের বিরোধী এবং নারী বিরোধী।'
ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সাংসদ সাগরিকা ঘোষ বলেন, 'অত্যন্ত দুঃখজনক, আমাদের সাংসদ মিতালী বাগের গাড়ি ভাঙচুর করেছে ভারতীয় জনতা পার্টির গুণ্ডারা।' গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন সাগরিকা, সঙ্গেই নরেন্দ্র মোদির উদ্দেশে প্রশ্ন করেছেন, বারবার নারীশক্তি নিয়ে কথা বলার পর, এই কি 'নারীশক্তির' উদাহরণ?















